রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করল নতুন সরকার। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। শুধু শহর বা স্বল্প দূরত্ব নয়, দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা কার্যকর হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, নির্বাচনী ইস্তেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। সেই প্রতিশ্রুতিরই অন্যতম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে।
সরকার গঠনের পর দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে অগ্নিমিত্রা পাল জানান, ১ জুন থেকে রাজ্যের যে কোনও সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। কলকাতা থেকে দিঘা, শিলিগুড়ি বা অন্যান্য দূরপাল্লার রুটেও এই নিয়ম কার্যকর হবে।
দূরপাল্লার বাস পরিষেবা নিয়েই সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল ছিল। সেই প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট বলেন, “দূরপাল্লার সরকারি যেকোনও বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।”
বর্তমানে কলকাতা থেকে দিঘাগামী সরকারি নন-এসি বাসের ভাড়া প্রায় ১৫০ টাকার কাছাকাছি। এসি বাসে সেই ভাড়া প্রায় ৩০০ টাকা। আবার কলকাতা থেকে শিলিগুড়ি ও দার্জিলিংমুখী যাত্রায় নন-এসি বাসে খরচ পড়ে প্রায় সাড়ে পাঁচশো টাকা, এসি পরিষেবায় তা দেড় হাজার টাকার কাছাকাছি পৌঁছে যায়। ফলে নতুন সিদ্ধান্তে বহু মহিলা যাত্রীর বড় আর্থিক সাশ্রয় হবে বলেই মনে করছে পরিবহণ মহল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহিলাদের জন্য এই ফ্রি বাস পরিষেবা নতুন সরকারের অন্যতম বড় সামাজিক প্রকল্প হিসেবে সামনে আসতে চলেছে। বিশেষ করে কর্মজীবী মহিলা, পড়ুয়া এবং দূরপাল্লার যাত্রীদের উপর এর সরাসরি প্রভাব পড়বে।



