নজরবন্দি ব্যুরো: সোমবার বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ ব্যান করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস এই ধরনের ছবিগুলি এক শ্রেণীর মানুষকে কটাক্ষ করার জন্যই বানানো হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠালেন ‘কাশ্মীর ফাইলসের’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর দাবি, কাশ্মীর ফাইলসকে অপমান করা হয়েছে।
আরও পড়ুন: Madhyamik 2023: কবে হবে মাধ্যমিকের ফলপ্রকাশ? জানালেন খোদ শিক্ষামন্ত্রী
গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বর্তমান সময়ের একটি বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে কথা বলেন এবং ঘৃণা ছড়ানোর অভিযোগে রাজ্যে ছবির প্রদর্শন নিষিদ্ধ করার নির্দেশ দেন। কাশ্মীর ফাইলস নিয়ে মন্তব্য করেন, “কাশ্মীর ফাইলস কি? কিছু মানুষকে অসম্মান করার জন্যই তৈরি হয়।” তিনি আরও বলেন, “সম্প্রতি বিজেপির দ্বারা মনোনীত হওয়া কিছু তারকা, তাঁরা বাংলায় এসেছিল কিছু বিকৃত গল্প নিয়ে। তাঁরা নাকি একটি সিনেমা তৈরি করেছে বেঙ্গল ফাইলস নামে। তাঁরা কাশ্মীরকে অপমান করার জন্য কাশ্মীর ফাইলস তৈরি করেছিল।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিবেক অগ্নিহোত্রী। টুইটে তিনি লিখেছেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্য কাশ্মীর ফাইলস এবং আসন্ন ছবি ‘দ্য দিল্লি ফাইলস’ নিয়ে মিথ্যাচার করেছেন। তাঁর এই মন্তব্যের কারণে অভিষেক আগরওয়াল, পল্লবী যোশির সঙ্গে সম্মিলিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠানো হয়েছে।”

২০২২ সালে মুক্তি পায় ‘কাশ্মীর ফাইলস’। এই ছবি ঘিরে বড়সড় বিতর্ক দানা বাধে। ৯০ দশকে কাশ্মীরি পণ্ডিতদের অবস্থা কেমন ছিল তা এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বর্তমানে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
Kashmir Files নিয়ে মন্তব্য মমতার, ক্ষুব্ধ পরিচালক বিবেক অগ্নিহোত্রী








