নজরবন্দি ব্যুরো: একজন পড়ুয়ার শিক্ষাজীবনে প্রথম বড় ধাপ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যে গত মার্চ মাসে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এখন অপেক্ষা ফলপ্রকাশের। শোনা গিয়েছিল মে মাসেই মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনিয়ে কথা বলেন। তাঁর সঙ্গে মাধ্যমিক বোর্ডের আলোচনা হয়েছে বলেও খবর। কি জানালেন তিনি?


মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। ফল প্রকাশের চূড়ান্ত প্রক্রিয়া শেষ বলেও জানা গিয়েছে। পাশাপাশি ফলাফল প্রকাশ নিয়ে মাধ্যমিক বোর্ডের সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে আগামী সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরোতে পারে সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন ব্রাত্য বসু।

গত মাসে জানা গিয়েছিল চলতি মাসের ১৫ তারিখে মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। যদি একান্তই তা সম্ভব না হয় তাহলে ১৬, ১৭ তারিখের মধ্যে যেকোনও একটিতে মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। এই তিনটি সম্ভাব্য দিন জানিয়ে স্কুল শিক্ষা দফতরকে প্রস্তাব দিয়েছিল পর্ষদ। দ্রুত ফল প্রকাশ করতে অলনাইনে যাচাই প্রক্রিয়া শুরু করা হয়। স্বচ্ছতা বজায় রাখতে উত্তরপত্র মূল্যায়নের দুটি ধাপ অনলাইনে করা হবে বলেই জানিয়েছিল পর্ষদ।



চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় পর্ষদের তরফে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছিল। পরীক্ষাকেন্দ্রগুলির জন্য জারি হয়েছিল কড়া নিয়ম। পরিক্ষার্থীদের প্রবেশ পথ, প্রধান শিক্ষকের ঘর এবং যে ঘরে প্রশ্নপত্র থাকবে- এই তিনটি জায়গায় সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছিল পর্ষদ।
উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার সময়ে উপনির্বাচন থাকায় সময়সূচিতে পরিবর্তন আনা হয়। ২৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল। ওই দিনই মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই কারণে ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ ইতিহাস পরীক্ষা নেওয়া হয়। মার্চের ৪ তারিখ শেষ হয় মাধ্যমিক পরীক্ষা।
কবে হবে মাধ্যমিকের ফলপ্রকাশ? কি বললেন শিক্ষামন্ত্রী








