জিরামজি প্রকল্পে বাংলার জন্য ১২৬৪ কোটি টাকা! সময়মতো মজুরিতে জোর, প্রথম কিস্তি দিল কেন্দ্র

জিরামজি প্রকল্পে প্রথম কিস্তিতে পশ্চিমবঙ্গের জন্য ১,২৬৪.৪৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। সময়মতো শ্রমিকদের মজুরি ও স্বচ্ছ প্রকল্প বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্বের বার্তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জিরামজি (VB-G-RAM-G) প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের জন্য প্রথম কিস্তির অর্থ বরাদ্দ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। রবিবার কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) জানান, প্রথম ধাপে পশ্চিমবঙ্গের জন্য ১,২৬৪.৪৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একইসঙ্গে প্রকল্পে শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান এবং স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানানো হয়েছে।

গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচি চালু রয়েছে। আগে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGA) নামে পরিচিত এই প্রকল্পের নাম পরে পরিবর্তন করে ভিবি-জিরাম-জি (VB-G-RAM-G) রাখা হয়। পাশাপাশি কর্মদিবসের সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে।

অতীতে এই প্রকল্পের অর্থ বরাদ্দ ও বকেয়া মজুরি নিয়ে কেন্দ্র ও তৎকালীন রাজ্য সরকারের মধ্যে দীর্ঘদিন মতবিরোধ চলেছিল। অভিযোগ উঠেছিল, কাজ করেও বহু শ্রমিক নির্ধারিত সময়ে মজুরি পাচ্ছেন না। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)-এর পক্ষ থেকে একাধিকবার প্রতিবাদ কর্মসূচি ও দিল্লিতে আন্দোলনও হয়েছিল।

বর্তমানে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর এই প্রথম কিস্তিতে রাজ্যের জন্য ১,২৬৪.৪৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের দাবি, শুধু অর্থ বরাদ্দ নয়, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারিত সময়ে পৌঁছে দেওয়া এবং প্রকল্পের বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, রবিবার দেশজুড়ে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য মোট ২৫,৮৬৩ কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh), যার জন্য প্রথম কিস্তিতে বরাদ্দ হয়েছে ৩,২১০.৭৬ কোটি টাকা

গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও কার্যকর করার উপরও জোর দেওয়া হচ্ছে বলে কেন্দ্র জানিয়েছে। আগামী দিনে এই বরাদ্দের ফলে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় কর্মসংস্থান ও শ্রমিকদের মজুরি প্রদানের প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন