‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে রাখবে পশ্চিমবঙ্গ সরকার, ঘোষণা মমতার

জিরামজি বিল ঘিরে বিতর্কের মাঝেই শিল্পমঞ্চ থেকে কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর; গান্ধীর নাম বাদ দেওয়া ‘লজ্জার’ বললেন মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ জানাল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত রাজ্যের প্রথম শিল্প ও বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে রাখা হবে

মমতার স্পষ্ট বার্তা, কেন্দ্র যদি জাতির জনকের নাম মুছে দিতে চায়, পশ্চিমবঙ্গ তা মানবে না। তাঁর কথায়,
“আপনারা যদি গান্ধীকে সম্মান না দেন, আমরা দেব। সম্মান দিতে আমরা জানি।”

লোকসভায় নতুন গ্রামীণ কর্মসংস্থান বিল পাশ হওয়ার পর থেকেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। ওই বিলে এতদিনের পরিচিত মনরেগা প্রকল্পের নাম বদলে রাখা হয়েছে ‘জিরামজি’। সেই নামকরণে মহাত্মা গান্ধীর নাম না থাকায় বিরোধী দলগুলির পাশাপাশি রাজ্য সরকারগুলির একাংশও ক্ষোভ প্রকাশ করেছে।

শিল্প সম্মেলনের মঞ্চ থেকে মমতা বলেন, “১০০ দিনের কাজের প্রকল্প থেকেই গান্ধীর নাম মুছে দেওয়া হল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জাতির জনককে ভুলে যাওয়া লজ্জার বিষয়।”

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের নিজস্ব কর্মসংস্থান প্রকল্প ‘কর্মশ্রী’-র নাম বদলে মহাত্মা গান্ধীর নামে নামকরণ করা হবে। তাঁর দাবি, এই সিদ্ধান্ত শুধুমাত্র রাজনৈতিক বার্তা নয়, বরং আদর্শগত অবস্থানও।

মমতার মতে, গান্ধীর নাম শুধুই ইতিহাস নয়—গ্রামীণ কর্মসংস্থান, আত্মনির্ভরতা এবং শ্রমের মর্যাদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এমন প্রকল্পে গান্ধীর নাম থাকা উচিত।

মুখ্যমন্ত্রীর বক্তব্যে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে স্পষ্ট রাজনৈতিক ইঙ্গিতও ছিল। তিনি বলেন, “সব বিষয়ে সরকারের নাক গলানো ঠিক নয়। নাম বদল নয়, কাজের উপর জোর দেওয়া উচিত।”

২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শিল্প ও কর্মসংস্থান ঘিরে রাজ্যের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যের পৃথক অবস্থানও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভায় জিরামজি বিল পাশের ঠিক পরেই এই ঘোষণা করে মমতা স্পষ্ট করে দিলেন—গান্ধীর আদর্শকে সামনে রেখেই বাংলার প্রশাসনিক ও সামাজিক নীতি নির্ধারিত হবে।

একদিকে যখন সংসদে নামবদল নিয়ে উত্তাল রাজনীতি, তখন রাজ্যের প্রকল্পে গান্ধীর নাম জুড়ে দিয়ে জাতীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ বার্তা দিল পশ্চিমবঙ্গ সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর