ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই চমকে দিল উরুগুয়ে। রবিবার ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ মার্সেলো বিয়েলসা। সেই তালিকায় জায়গা হয়নি দেশের অন্যতম সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজ়ের। জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট পেলেন না অভিজ্ঞ এই ফুটবলার।
বিশ্বকাপের আগে সুয়ারেজ়কে ঘিরে জল্পনা ছিল তুঙ্গে। ইন্টার মায়ামির হয়ে সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। শেষ ম্যাচে হ্যাটট্রিকও করেন। সেই পারফরম্যান্সের পর জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনাও জোরালো হয়েছিল। কিন্তু কোচ মার্সেলো বিয়েলসা অভিজ্ঞতার বদলে ভবিষ্যতের দিকেই বেশি গুরুত্ব দিলেন বলে মনে করছে ফুটবল মহল।


কয়েকদিন আগে ঘোষিত প্রাথমিক দলেও ছিলেন না সুয়ারেজ়। তবুও জাতীয় দলের দরজা তাঁর জন্য খোলা আছে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি নিজেই। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, উরুগুয়ের ডাক এলে কখনও না বলবেন না। জাতীয় দলের প্রয়োজন হলে এখনও মাঠে নামতে প্রস্তুত তিনি। কিন্তু সেই বার্তা নির্বাচকদের মন গলাতে পারেনি।
ফলে ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২— টানা চারটি বিশ্বকাপে খেলার পর পঞ্চম বিশ্বকাপের স্বপ্ন অপূর্ণই থেকে গেল সুয়ারেজ়ের। উরুগুয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সফল এই স্ট্রাইকারকে এবার দর্শক হিসেবেই বিশ্বকাপ দেখতে হবে।
তবে অভিজ্ঞতার ঘাটতি মেটাতে দলে রয়েছেন একাধিক তারকা ফুটবলার। মাঝমাঠে নেতৃত্ব দেবেন ফেদেরিকো ভালভের্দে। রক্ষণভাগে আছেন রোনাল্দ আরাউহো এবং হোসে মারিয়া জিমেনেজ়। মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মানুয়েল উগার্তে।


আক্রমণভাগে সবচেয়ে বেশি নজর থাকবে ডারউইন নুনেজ-এর উপর। তাঁর সঙ্গে রয়েছেন ফাকুন্দো পেলিস্ত্রিরা-র মতো তরুণ প্রতিভারাও। বিশ্বকাপে গোল করার দায়িত্ব মূলত তাঁদের কাঁধেই তুলে দিয়েছেন বিয়েলসা।
দল নির্বাচনে একটি বিষয় স্পষ্ট— উরুগুয়ে এবার মাঝমাঠকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। ২৬ সদস্যের স্কোয়াডে ১২ জন মিডফিল্ডার রাখা হয়েছে। পাশাপাশি রয়েছেন ৩ জন গোলকিপার, ৮ জন ডিফেন্ডার এবং ৩ জন ফরওয়ার্ড।
বিশ্বকাপের মঞ্চে উরুগুয়ের সাফল্য অনেকটাই নির্ভর করবে তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের মিশ্রণের উপর। তবে সুয়ারেজ়ের অনুপস্থিতি যে দলের সমর্থকদের কাছে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে থাকবে, তা বলাই যায়।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



