আইপিএল মানেই শুধু ক্রিকেট নয়, কোটি কোটি টাকার লড়াইও। বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগের ফাইনাল মঞ্চে এবার মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। ট্রফি জয়ের গৌরবের পাশাপাশি দুই দলের সামনে রয়েছে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারও। ফলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবারের ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে।
আইপিএল ২০২৬ মরশুমে পুরস্কারমূল্যের অঙ্ক আরও বাড়ানো হয়েছে। এবারের প্রতিযোগিতায় শীর্ষ চার দলের জন্য মোট ৪৬.৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি টাকা, আর রানার্স-আপ দলের ঝুলিতে যাবে ১৩ কোটি টাকা।


ফলে ফাইনালে জয়ী দল শুধু ট্রফিই নয়, সঙ্গে ঘরে তুলবে ২০ কোটি টাকার মোটা অঙ্ক। অন্যদিকে হেরে গেলেও খালি হাতে ফিরতে হবে না। রানার্স দলও পাবে ১৩ কোটি টাকার পুরস্কার।
এবারের আইপিএলে তৃতীয় স্থানে শেষ করা RR পেয়েছে ৭ কোটি টাকা। চতুর্থ স্থানে থাকা SRH-এর জন্য বরাদ্দ ৬.৫ কোটি টাকা।
তবে পুরস্কারের পুরো অর্থ ফ্র্যাঞ্চাইজিগুলির কোষাগারে জমা হয় না। আইপিএলের প্রচলিত নিয়ম অনুযায়ী, পুরস্কারের অন্তত ৫০ শতাংশ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দিতে হয়। ফলে দলের সাফল্যের সঙ্গে সরাসরি আর্থিক লাভের অংশীদার হন ক্রিকেটাররাও।


বিশেষজ্ঞদের মতে, একটি দল যদি পুরো মরশুমে ফাইনাল পর্যন্ত পৌঁছে ১৭টি ম্যাচ খেলে, তাহলে ম্যাচ ফি, জয় বোনাস এবং পারফরম্যান্স ইনসেন্টিভ মিলিয়ে একজন ক্রিকেটারের অতিরিক্ত আয় এক কোটিরও বেশি হতে পারে। অনেক ক্ষেত্রে তুলনামূলক কম মূল্যের ক্রিকেটাররাও মরশুম শেষে প্রায় ১.৩৫ কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত আয় করার সুযোগ পান।
শুধু দলগত সাফল্য নয়, ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও রয়েছে মোটা পুরস্কার। অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কারপ্রাপকেরা প্রায় ১০ লক্ষ টাকা করে পান। এছাড়া এমার্জিং প্লেয়ার অব দ্য সিজ়ন পুরস্কারের মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
সব মিলিয়ে ব্যক্তিগত ও দলগত পুরস্কার ধরলে মরশুম শেষে প্রায় ১ কোটি টাকারও বেশি অতিরিক্ত অর্থ বিতরণ করা হয়। সেই কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটারদের কাছে আইপিএল শুধু একটি লিগ নয়, বরং ক্যারিয়ার বদলে দেওয়ার অন্যতম বড় মঞ্চ।
এখন দেখার, ২০২৬ সালের আইপিএল ট্রফি কার হাতে ওঠে। তবে ফল যাই হোক, ফাইনালের মঞ্চে নামা দুই দলই কোটি টাকার হাসি নিয়ে মাঠ ছাড়বে, তা বলাই যায়।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



