নজরবন্দি ব্যুরোঃ পরিক্ষা স্থগিত রাখা যাবে না, সুপ্রিম কোর্টকে জানাল ইউপিএসসি। অতিমারি পরিস্থিতিতেই পরীক্ষা হবে। এবার সুপ্রিম কোর্টে সাফ জানিয়ে দিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তাদের দাবি, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। তাই পূর্ব নির্ধারিত ৪ অক্টোবরই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।
আরও পড়ুনঃ ক্ষমতার অলিন্দে হার্মাদদের ঢোকা বন্ধ করুন! ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজ্যপালের।


করোনার জেরে দেশ জুড়ে যে অতিমারি পরিস্থিতি দেখা দিয়েছে, তার মধ্যে পরীক্ষা নেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ২০ জন পরীক্ষার্থী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়েছিলেন তাঁরা।এ নিয়ে সোমবার ইউপিএসসি-কে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছিল আদালত।
সেখানেই বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চের সামনে ইউপিএসসি জানিয়ে দেয়, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। এখন পরীক্ষা স্থগিত রাখা একেবারেই অসম্ভব। বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করে আগামী কালের মধ্যে ইউপিএসসি-কে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিষয়টি নিয়ে ফের শুনানি হবে।
এ বছর প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থী ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় বসছেন। দেশের ৭২টি শহরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এর আগে, গত ৩১ মে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু অতিমারীর জেরে পরীক্ষা স্থগিত রাখতে হয়। এর পর ৫ জুন ফের নয়া সময়সূচি প্রকাশ করে ৪ অক্টোবর পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দেয় ইউপিএসসি।









