ক্ষমতার অলিন্দে হার্মাদদের ঢোকা বন্ধ করুন! ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজ্যপালের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ক্ষমতার অলিন্দে হার্মাদদের ঢোকা বন্ধ করুন! ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজ্যপালের। পশ্চিমবঙ্গে গণতন্ত্র ভূলুণ্ঠিত। মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল জগদীপ ধনকড়ের অনুরোধ, ক্ষমতার অলিন্দে হার্মাদদের ঢোকা বন্ধ করুন। রাজ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপাল বলেন, পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ চলবে লোকাল ট্রেন? দেখুন কি থাকতে পারে আনলক-৫ নির্দেশিকায়।

রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যমন্ত্রীর চিঠির জবাব ঘিরে ফের একবার রাজ্য সরকারের বিরুদ্ধে তুমুল আক্রমণ শানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার বিকেলে রাজভবনে সাংবাদিক সম্মেলনে রাজ্যপালের কটাক্ষ থেকে মুখ্যমন্ত্রী থেকে রাজ্য পুলিশের ডিজি, বাদ যাননি কেউই। সাংবাদিক সম্মেলনে রাজ্যপালের চাঞ্চল্যকর দাবি, ‘ইলেক্ট্রনিক নজরদারি চালাচ্ছে রাজ্য সরকার।’

একই সঙ্গে রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা বলে কিছু অবশিষ্ট নেই বলে দাবি করে রাজ্যপাল বলেছেন, পশ্চিমবঙ্গে ইলেক্ট্রনিক নজরদারি চলছে বহু মানুষের ওপর। ন্যায্য কথা বললেই তার ওপর নজরদারি শুরু করছে সরকার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সোচ্চার হতে দেখা যায় পশ্চিমবঙ্গের রাজ্যপালকে।

তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী রাজ্যপালের ভূমিকা বুঝতে ভুল করেছেন। তিনি আমাকে লিখেছেন, কোনও অভিযোগ থাকলে আমাকে জানান, প্রকাশ্যে মুখ খুলবেন না। আমি তার সাধ্যমতো সমাধানের চেষ্টা করব। কিন্তু কোনও সমস্যার সমাধান না করতে পারলে কিছু করার নেই।’ এর পরই সুর চড়িয়ে ধনকড় বলেন, ‘রাজ্যপাল রাবার স্ট্যাম্প নন।’ একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে তাঁর শপথবাক্য মনে করিয়ে সংবিধানের একাধিক অনুচ্ছেদে লিখিত নির্দেশিকার কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন, তার কোনওটাই মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নাম করে রাজ্য পুলিশের ডিজিকে ধমক দেন রাজ্যপাল। বলেন, রাজ্য সরকার পুলিশের ঘাড়ে ভর করে চলছে। আর নির্লজ্জের মতো সরকারের তোষামদ করে চলেছেন বীরেন্দ্র। ডিজি যে চিঠি দিয়েছেন, তাতে তিনি হতবাক বলে জানিয়েছেন রাজ্যপাল। অন্যদিকে এই ইস্যুতে রাজ্যপালের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর দাবি, সংবিধানের বিকৃত ব্যাখ্যা করছেন রাজ্যপাল। রাজ্যপাল আইনজীবী হিসাবে সফল নন বলেও কটাক্ষ করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত