নজরবন্দি ব্যুরো: উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান হলেই প্রথমেই মাথায় আসে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং। কিন্তু এই জায়গাগুলি এতটাই জনপ্রিয় যে বছরের প্রায় সবসময়েই পর্যটকদের ভিড় লেগে থাকে। তাই শান্ত নির্জন পরিবেশে ছুটি কাটানো সম্ভব হয় না। কিন্তু জানেন কি উত্তরবঙ্গে এমন অনেক জায়গা রয়েছে যেগুলি পর্যটকদের নজর এড়িয়ে গিয়েছে। আজ খোঁজ রইল সেই কয়েকটি ঠিকানার।
আরও পড়ুন: উত্তরবঙ্গের বালি, কম খরচেই ঘুরে আসুন বাংলার এই অফবিট জায়গায়
কলাখাম
কালিম্পংয়ের এক সুন্দর পাহাড়ি জনপদ হল কলাখাম। এই গ্রামের পশ্চিম দিকেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। একদিকে খাদ এবং সবুজে ঘেরা এই ছোট্ট পাহাড়ি গ্রামে ঘুরতে এলে যেন শান্তি খুঁজে পাবেন। এখানকার যেকোনও হোম স্টে থেকেই সকালের আলো ফুটতেই সূর্যের আভায় মোড়া কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ রয়েছে। গ্রামেই রয়েছে বাহারি রঙয়ের ফুল। পর্যটন ম্যাপে এখনও খুব একটা জায়গা করতে না পারায় পর্যটকদের ভিড় নেই।

শিলিগুড়ি জংশন বা এনজেপি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে কলাখাম চলে আসতে পারেন। কাঞ্চনকন্যায় এলে নিউ মাল জংশন স্টেশনে নামতে হবে। এখান থেকে কলাখামের দূরত্ব মাত্র ৫২ কিলোমিটার। কম খরচেই কয়েকদিনের ছুটি প্ল্যান করে এই অফবিট জায়গা থেকে ঘুরে আসতে পারেন।

বাগোরা
সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট গ্রামটি। মোবাইল নেটওয়ার্ক ঠিক মত আসে না। তাই কংক্রিটের শহর থেকে দূরে ব্যস্ততা ভুলে এখানে চলে আসতে পারেন। কয়েকদিন মোবাইলের জগৎ থেকে বাইরে বেরিয়ে দেখুনই না! বাগোরার চারিদিক সবুজ গাছের বাহার। প্রকৃতির এক অন্য রূপ দেখা যায় এখানে। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে শেয়ার গাড়িতে দিলারাম নামতে হবে। সেখান থেকে আবার গাড়ি ভাড়া করে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
দার্জিলিং-কালিম্পং নয়, ঘুরে আসুন উত্তরবঙ্গের এই দুটি ঠিকানায়




