নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকার বনাম রাজ্যপাল সংঘাত বাংলায় নতুন নয়। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় থেকে শুরু করে এখন সিভি আনন্দ বোস, চিত্রটা একই আছে। এবার পঞ্চায়েত ভোটের মাত্র পাঁচ দিন আগে রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি লিখে নালিশ জানাল শাসক দল তৃণমূল কংগ্রেস।
আগামী ৮ তারিখ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর ভোটের নির্ঘন্ট প্রকাশের সাথে সাথেই রাজ্যের নানান প্রান্ত থেকে ভেসে আসছে হিংসা খুনোখুনির মতো ঘটনা। ভাঙড় থেকে দিনহাটা, দত্তপুকুর থেকে খড়দহ- তালিকাটা সত্যিই লম্বা। কোথাও বিরোধীদের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, আবার কোথাও শাসক দলের অভিযোগ বিরোধীদের দিকে। ইতিমধ্যেই রাজনৈতিক হিংসায় মৃত্যু হয়েছে ১১ জনের। আর এই মুহূর্তে যেখানে যেখানে সন্ত্রাসের ঘটনা ঘটেছে সেই এলাকাগুলি পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর ঠিক এই জায়গাতেই আপত্তি রয়েছে শাসক দল তৃণমূলের। তাঁদের বক্তব্য, রাজ্যের আইনশৃঙ্খলার ভার রাজ্যের প্রশাসনের এবং কমিশনের, রাজ্যপালের নয়। তাই রাজ্যপাল এই সব ঘটনায় গিয়ে নিজে তদন্তের ভার নিতে পারেন না বলে চিঠিতে উল্লেখ করেছে তৃণমূল।
![]()
চিঠিতে আরও বলা হয়েছে, কমিশনের কাজকর্ম নিয়ে কেন প্রশ্ন তুলবেন রাজ্যপাল। এই মর্মে রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে শাসক দলের তরফে। প্রসঙ্গত, এর আগে তৃণমূলের একাদিক নেতানেত্রী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সরব হয়েছিলেন। কিন্তু দলের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এবার সরাসরি দলের তরফে চিঠি দিয়ে নালিশ জানানো মানে প্রকাশ্যেই রাজ্যপালের বিরোধীতা করতে চায় শাসক দল।
রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি লিখে নালিশ জানাল তৃণমূল




