নজরবন্দি ব্যুরো: তপ্ত উত্তরবঙ্গ, ভোটের আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ। প্রকাশ্যে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ময়নাগুড়িতে। মৃত ওই কর্মীর নাম রঞ্জিত অধিকারী। এদিকে অভিযোগের তির বিজেপি শিবিরের দিকে। সূত্রের খবর, রবিবার রাতে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন রঞ্জিতবাবু।
আরও পড়ুন: নন্দীগ্রামে সভার আগেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গো–ব্যাক পোস্টার! চাঞ্চল্য এলাকায়


অভিযোগ, এরপর পথেই তাঁকে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরেন। এরপর মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে লাগাতার কোপানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতেই পড়েছিলেন রঞ্জিত। তাঁর আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। এরপর রক্তাক্ত অবস্থায় এই তৃণমূল কর্মীকে উদ্ধার করে ময়নাগুড়ি চূড়াভান্ডার হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। যদিও তখন সব শেষ হয়ে গেছে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় বিজেপিকে দোষীর কাঠগড়ায় তুলেছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ৪ জনকে আটক করেছে পুলিস। যাঁরা কিনা এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত।
তপ্ত উত্তরবঙ্গ, তবে সব অভিযোগ অস্বীকার করছে বিজেপি। এই ঘটনার বিষয়ে জলপাইগুড়ির প্রাক্তন জেলা সভাপতি দীপেন প্রামাণিক বলেন, “বিজেপিকে মিথ্যা ফাঁসানো হচ্ছে। এটাই করে আসছে তৃণমূল। নিজেদের মধ্যে অশান্তি করে খুনোখুনি করছে আর বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে।” এহেন ঘটনাকে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।









