ভরাডুবির পর তৃণমূলে কড়া বার্তা! পাঁচ মুখপাত্রকে শো কজ়, ২৪ ঘণ্টার আলটিমেটাম

নির্বাচনে বড় পরাজয়ের পর দলবিরোধী মন্তব্যের অভিযোগে পাঁচ মুখপাত্রকে শো কজ় করল তৃণমূল। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর তৃণমূলের অন্দরে শুরু হয়েছে চাপানউতোর। দলবিরোধী মন্তব্য এবং শীর্ষ নেতৃত্বকে প্রকাশ্যে প্রশ্ন করার অভিযোগে পাঁচ মুখপাত্রকে শো কজ় নোটিস পাঠাল তৃণমূল কংগ্রেস। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাঁদের। ভোটের ফল প্রকাশের পর থেকেই দলের অন্দরে ক্ষোভ ও অসন্তোষের সুর সামনে আসতে শুরু করেছিল। সেই আবহেই এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

শো কজ় নোটিস পেয়েছেন ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষ। দলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির তরফে সাংসদ ডেরেক ও’ব্রায়েন তাঁদের কাছে ব্যাখ্যা তলব করেছেন। প্রশ্ন তোলা হয়েছে, কেন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না।

এ বারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফল কার্যত নজিরবিহীন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ২৯৪ আসনের মধ্যে মাত্র ৮০টি আসনে জয় পেয়েছে ঘাসফুল শিবির। বিপরীতে বিজেপি একক ভাবে ২০৭টি আসন দখল করে সরকার গঠনের পথে। ফল ঘোষণার পর থেকেই তৃণমূলের একাংশের নেতা, প্রাক্তন বিধায়ক ও মুখপাত্ররা প্রকাশ্যে দলের কৌশল, সংগঠন এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন।

দলের অন্দরের সূত্রের খবর, শো কজ় পাওয়া মুখপাত্রদের কেউ কেউ ইতিমধ্যেই জবাবি চিঠি তৈরি করে ফেলেছেন। কারও চিঠি দু’পাতার, আবার কেউ সাড়ে চার পাতার বিশদ ব্যাখ্যা পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। শো কজ় পাওয়া এক মুখপাত্র ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, তিনি দলের কর্মী-সমর্থকদের মনের কথাই প্রকাশ্যে বলেছেন। এমনকি বিদায়ী মন্ত্রিসভার কয়েক জন সদস্যও ব্যক্তিগত ভাবে তাঁকে সমর্থন জানিয়েছেন বলেও দাবি তাঁর।

তৃণমূল নেতৃত্ব আপাতত প্রকাশ্যে এই বিষয়ে বিস্তারিত মন্তব্য না করলেও, ভোটের পর দলের অন্দরে যে মতভেদ প্রকট হয়ে উঠছে, এই শো কজ় পর্ব তা আরও স্পষ্ট করে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত