নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি বক্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সুদীপ্ত সেনের দাবি, সিবিআই কর্তাকে দেওয়া চিঠিতে তিনি জানিয়েছেন তাঁর কাছ থেকে নানা অছিলায় একাধিকবার টাকা নিয়েছে শুভেন্দু অধিকারী। এমনকি তাঁকে ব্ল্যাকমেল করা হত বলেও অভিযোগ তুলেছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার থেকে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। গ্রেফতার করা হোক শুভেন্দুকে, এই দাবিতে পথে নামছে তৃণমূল।
আরও পড়ুনঃ SSC-TET: ইন্টারভিউ ছাড়াই চাকরি হয়েছে, অবশেষে আদালতে স্বীকার করল পর্ষদ!


তৃণমূলের তরফে জানানো হয়েছে, সোমবার রাজ্যের তিন প্রান্তে মিছিল করবে তৃণমূলের যুব নেতৃত্ব। দুপুর তিনটেয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখাবে তৃণমূলের ছাত্র এবং যুব সংগঠন। এই মিছিলের নেতৃত্বে থাকবেন বিধায়ক বাবুল সুপ্রিয়, কুণাল ঘোষ, সায়নী ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্যের মতো নেতারা। এর পাশাপাশি শুভেন্দুর গড় হলদিয়া এবং কাঁথিতে মিছিল করবে ঘাসফুল শিবির। পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং হলদিয়াতেও বিক্ষোভ মিছিল এবং স্ট্রিট কর্নার হবে। হলদিয়ার বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে থাকবে মন্ত্রী মানস ভুঁইঞা, বিধায়ক শিউলি সাহা, রাজীব বন্দ্যোপাধ্য়ায়রা। অন্যদিকে কাঁথিতে থাকবেন মন্ত্রী অখিল গিরি।

এখানেই শেষ নয়, মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন তৃণমূলের ৮ জনের প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বে থাকবেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ছাড়াও সেই দলে থাকবেন কুণাল ঘোষ, বাবুল সুপ্রিয়, অর্জুন সিং সায়নী ঘোষ, ফিরোজা বিবি-সহ অন্যরা। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, কথায় কথায় রাজ্যের একাধিক বিষয় নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে বিজেপি। এবার তৃণমূলের সময় এসেছে বিজেপিকে কোণঠাসা করার।


গ্রেফতার করা হোক শুভেন্দুকে, একাধিক কর্মসূচি তৃণমূলের

অবশ্য গতকালই শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূলে রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, “সেবি সামলে দেখে দেবো এই বলে সুদীপ্ত সেনের থেকে টাকা নেওয়া হয়েছে, আরও নানা বিপদে পড়লে দেখে দেবো বলে শুভেন্দু টাকা নিয়েছে। কেন শুভেন্দু অধিকারী গ্রেফতার হবে না? বিজেপির দরজায় বাঁধা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে শুভেন্দু। শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য। শুভেন্দু সবটাই জানে এটা ঠিক। শুভেন্দু ইডি-সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছে।“







