নজরবন্দি ব্যুরো: তৃণমূলের সঙ্গে আইএসএফের সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। শুরু হয় বোমাবাজি। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে। বোমার আঘাতে এক শিশুর আহত হয়েছে বলে খবর। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত শিশুকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত দুদিন ধরেই ভাঙড়ে অশান্তি চলছে। এরই মধ্যে সোমবার ফের পরিস্থিতি বেগতিক।
আরও পড়ুন: মোকার তাণ্ডবে ধ্বংসস্তূপ মায়ানমার, আশ্রয়হীন ২০ হাজারের বেশি, মৃত ৬


জানা গিয়েছে, গত রবিবার বিকেলে ভাঙড়ের ঘটকপুড়ে আইএসএফের বৈঠক ছিল। অভিযোগ, এই বৈঠকে আসার পথেই এলাকার মধ্যে তৃণমূলের দুষ্কৃতীরা আইএসএফ কর্মীদের বাধা দেয়। তখন থেকেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরপরই সোমবার কর্মসূচি নেয় তৃণমূল কংগ্রেস। যদিও শাসক দল অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করে, মদ খাওয়ানোর লোভ দেখিয়ে তৃণমূল কর্মীদের জোর করে মিটিংয়ে নিয়ে গিয়েছিল আইএসএফের কর্মীরা।

সোমবার তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয়। সেখানেই বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। আইএসএফের তরফে দাবি করা হয়েছে, এলাকার মানুষ বিধায়ক নওশাদ সিদ্দিকির সভায় গিয়েছেন এই রাগ থেকেই বোমাবাজি শুরু করেছিল তৃণমূল। এই ঘটনায় এক শিশু আহত হয়েছেন বলে খবর। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



সংঘর্ষের ঘটনায় এক আইএসএফ কর্মী বলেন, “কাল অশান্তি হল তখন পুলিশ এল না। আজ যেই তৃণমূলের মিছিল ছিল, পুলিশ এসেছে। পুলিশই দেখুক কত বোমা মারা হয়েছে।” তবে স্থানীয় এক তৃণমূল নেতা গোটা বিষয়টিকে মিথ্য অভিযোগ বলে দাবি করেছেন। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রফতার করতে পারেনি।
ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, আহত ১ শিশু








