বিধানসভার স্পিকার পদে রথীন্দ্র বসু! বিজেপির চমক, শুক্রবারই নির্বাচন

বিজেপির স্পিকার পদপ্রার্থী রথীন্দ্র বসু, শুক্রবার বিধানসভায় নির্বাচন; চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে বেছে নিয়ে প্রথা ভাঙার পথে দল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার হিসেবে বিজেপির তরফে মনোনীত হলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। সংখ্যার নিরিখে এগিয়ে থাকা বিজেপির কাছে শুক্রবারের নির্বাচন কার্যত আনুষ্ঠানিকতা বলেই মনে করা হচ্ছে—সব ঠিক থাকলে তিনিই হচ্ছেন অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। তাঁর বিশ্বাস, রথীন্দ্র বসু সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হবেন। এদিন দুপুরে মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিজেপি বিধায়কদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন রথীন্দ্র।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় রথীন্দ্র বসু জানান, “দল যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করব। প্রয়োজনে বিধানসভার অভিজ্ঞ সদস্যদের পরামর্শ নেব।” প্রথমবারের বিধায়ক হিসেবে তাঁর এই উত্থান রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে উঠেছে।

পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রথীন্দ্র দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন। পরে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হন। তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে তিনি নজর কেড়েছিলেন।

উল্লেখযোগ্যভাবে, সাধারণত স্পিকার পদে আইনজীবী বা আইনজ্ঞদেরই বেছে নেওয়ার একটি অলিখিত রীতি রয়েছে। সেই প্রথা ভেঙেই এবার এক জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে এই গুরুত্বপূর্ণ পদে বসাতে চলেছে বিজেপি।

তৃণমূল জমানায় এই পদে ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, যিনি এখনও বারুইপুর পশ্চিম কেন্দ্র থেকে বিধায়ক। তার আগে বাম আমলেও স্পিকার পদে ছিলেন অভিজ্ঞ আইনজ্ঞরাই। সেই প্রেক্ষিতে রথীন্দ্রর মনোনয়ন রাজনৈতিক পরিসরে নতুন বার্তা বহন করছে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন