বাংলার জনপ্রিয় কুইজ রিয়্যালিটি শো ‘দাদাগিরি’তে এবার বড় পরিবর্তনের ইঙ্গিত। দীর্ঘদিনের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে আর দেখা যাবে না বলে খবর আগেই সামনে এসেছিল। আর সেই জল্পনার মাঝেই এবার প্রায় নিশ্চিত, নতুন মরশুমে ‘দাদা’র আসনে বসতে চলেছেন টলিউড সুপারস্টার দেব। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি শোয়ের প্রোমো শুটিংও সেরে ফেলেছেন অভিনেতা। খুব শীঘ্রই জি বাংলার তরফে প্রকাশ্যে আসতে পারে নতুন প্রোমো।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘দাদাগিরি’র নতুন চুক্তি না হওয়ায় কয়েক সপ্তাহ ধরেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। কে হবেন নতুন সঞ্চালক? সেই তালিকায় একসময় উঠে এসেছিল প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজের নামও। তবে শেষ পর্যন্ত বাজিমাত করলেন দেবই, এমনটাই টেলিপাড়ার অন্দরের খবর।
‘দাদাগিরি’র মঞ্চে দেব অবশ্য নতুন নন। এর আগেও একাধিকবার অতিথি হিসেবে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার প্রথমবার পুরো শোয়ের দায়িত্ব কাঁধে নিতে চলেছেন তিনি। ফলে রিয়্যালিটি শোয়ের মঞ্চে একেবারে নতুন অবতারে দেখা যাবে অভিনেতাকে।
চ্যানেল সূত্রে খবর, আগের মরশুমগুলির মতো এবারও জেলার বিভিন্ন প্রান্তে অডিশন হবে। পাশাপাশি বিশেষ পর্বে একাধিক জনপ্রিয় শিল্পী ও তারকাকে অতিথি হিসেবেও দেখা যেতে পারে। সেই সব পর্বের সঞ্চালনাতেও নিজের স্টাইল ও উপস্থিতি দিয়ে আলাদা মাত্রা যোগ করতে পারেন দেব, এমনটাই মনে করছেন অনেকে।
টেলিভিশনের জগতে দেবের অভিজ্ঞতাও কম নয়। এর আগে জি বাংলার জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ বিশেষ সঞ্চালক ও বিচারকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এবার ‘দাদাগিরি’র মতো জনপ্রিয় শোয়ের দায়িত্ব তাঁর কাঁধে উঠলে তা নিঃসন্দেহে বাংলা টেলিভিশনের বড় চমক হতে চলেছে।
অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে বলেও জোর জল্পনা। খবর, স্টার জলসার আসন্ন ‘বিগ বস বাংলা’র সঞ্চালক হিসেবে দেখা যেতে পারে প্রাক্তন ভারত অধিনায়ককে। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।



