‘বিগ বস বাংলা’-র ঘরে প্রথম সপ্তাহের উত্তেজনা কাটতে না কাটতেই নতুন চমক ঘিরে শুরু হয়েছে জোরদার জল্পনা। সৌরভের সঞ্চালনায় রিয়্যালিটি শোয়ের প্রতিটি মুহূর্ত এখন দর্শকদের নজরে। প্রতিযোগীদের সম্পর্ক, খুনসুটি থেকে ঝগড়া—সবকিছু নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। প্রথম সপ্তাহেই অনিন্দ্য সেনগুপ্তের বিদায়ের পর এবার সবার নজর ওয়াইল্ড কার্ড এন্ট্রির দিকে। আর নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই প্রশ্ন, ঘরে ঢুকছেন কোন তারকা?
রবিবার রাতের পর্বকে ঘিরে দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে চ্যানেলের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, কালো প্যান্ট, নীল টিশার্ট, চোখে সানগ্লাস এবং হাতে ঘড়ি পরা এক সুঠাম চেহারার পুরুষকে। বাঁ হাতে ঝোলানো ব্লেজার নিয়ে ক্যামেরার সামনে দিয়ে ধীরে ধীরে ‘বিগ বস’-এর ঘরের দিকে এগিয়ে যেতে দেখা যায় তাঁকে।
প্রোমোয় মুখ স্পষ্ট না হওয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। নেটপাড়ার একাংশের অনুমান, এই নতুন প্রতিযোগী হতে পারেন অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)। তিনিও নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সেই জল্পনাকে পুরোপুরি থামাননি। তবে প্রোমোয় দেখা ব্যক্তির সঙ্গে জীতুর চেহারার মিল কতটা, তা নিয়ে আবার প্রশ্ন তুলছেন দর্শকদেরই একাংশ।
এর মধ্যেই টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্দরে আরও একটি নাম ঘুরছে—জয় মুখোপাধ্যায় (Joy Mukherjee)। একসময় বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। ‘চোখের তারা তুই’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মধ্যে পরিচিতি তৈরি করেছিলেন জয়। তাঁর চকোলেট বয় লুক এবং ফিটনেস নিয়েও একটা সময়ে যথেষ্ট জনপ্রিয়তা ছিল।
জয়ের ব্যক্তিগত জীবনও একসময় সংবাদ শিরোনামে উঠে এসেছিল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদকে ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক চর্চা। পরবর্তী সময়ে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সঙ্গে একটি ধারাবাহিকের সেটে দুর্ব্যবহারের অভিযোগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল বলে জানা যায়। সেই ঘটনার পর ধারাবাহিক থেকে তাঁর সরে যাওয়া নিয়ে আলোচনা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে বড় পর্দাতেও দেখা গিয়েছে জয়কে। ‘শ্রী দুর্গা’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এবার সেই জয়ই কি ‘বিগ বস বাংলা’-র ঘরে প্রবেশ করতে চলেছেন? ইন্ডাস্ট্রির কানাঘুষো অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। যদিও চ্যানেলের তরফে এখনও তাঁর নাম নিশ্চিত করা হয়নি।
যদি সত্যিই জয় ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে ঢোকেন, তাহলে রিয়্যালিটি শোয়ের মঞ্চ তাঁর কেরিয়ারে নতুন মোড় আনতে পারে। দীর্ঘদিন পর ফের টেলিভিশনের দর্শকদের সামনে নিজেকে তুলে ধরার সুযোগ পাবেন তিনি। তবে ‘বিগ বস’-এর মতো বিতর্কিত ও নজরকাড়া মঞ্চে তাঁর যাত্রা কতটা সফল হবে, সেটাই দেখার।
তবে জয়ের পাশাপাশি আরও এক টেলিভিশন অভিনেতার নাম নিয়েও জল্পনা চলছে। তিনি রেজওয়ান রব্বানি শেখ (Rezwan Rabbani Sheikh)। বাংলা সিরিয়ালের পরিচিত মুখ হিসেবে তাঁরও যথেষ্ট পরিচিতি রয়েছে। ফলে প্রোমোয় দেখা রহস্যময় ব্যক্তিটি জয়, রেজওয়ান, জীতু নাকি সম্পূর্ণ অন্য কেউ—তা নিয়ে আপাতত দর্শকদের কৌতূহল তুঙ্গে।

শেষ পর্যন্ত জল্পনার অবসান ঘটবে চ্যানেলের ঘোষণাতেই। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই পরিষ্কার হবে ‘বিগ বস বাংলা’-র ঘরে নতুন ওয়াইল্ড কার্ড হিসেবে কে প্রবেশ করছেন এবং এই নতুন প্রতিযোগী শোয়ের সমীকরণ কতটা বদলে দিতে পারেন।



