বলিউড অভিনেতা সানি দেওলের (Sunny Deol) ছেলে রাজবীর দেওলের (Rajveer Deol) সঙ্গে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কন্যা সারা তেন্ডুলকর (Sara Tendulkar)? সম্প্রতি এমনই এক জল্পনা ছড়িয়ে পড়েছিল বিনোদন ও ক্রিকেটমহলে। দুই তারকা পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক তৈরি হতে চলেছে কি না, তা নিয়ে শুরু হয়েছিল আলোচনা। তবে সেই জল্পনায় আপাতত জল ঢালল সারার ঘনিষ্ঠ মহল। তাঁদের দাবি, সারা ও রাজবীরের বিয়ের খবরের কোনও ভিত্তি নেই।
সংবাদমাধ্যমের কাছে সারার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। শুধু বিয়ের পরিকল্পনাই নয়, সারা ও রাজবীরের মধ্যে পরিচয় বা যোগাযোগ রয়েছে বলেও নাকি কোনও তথ্য নেই। ওই সূত্রের দাবি, দু’জনের কখনও দেখাও হয়নি। বর্তমানে সারা নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত। ফলে তাঁকে ঘিরে বিয়ের এই জল্পনা অপ্রয়োজনীয় বলেই মনে করছেন ঘনিষ্ঠরা।
সূত্রের আরও বক্তব্য, এই ধরনের গুঞ্জন নিয়ে সারা প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চান না। ব্যক্তিগত জীবন নিয়ে অযথা আলোচনা এড়িয়ে নিজের মতো করেই থাকতে পছন্দ করেন তিনি। ফলে রাজবীর দেওলের সঙ্গে তাঁর বিয়ের খবরকে আপাতত নিছকই গুজব বলে মনে করা হচ্ছে।
বিয়ে নিয়ে আগে কী বলেছিলেন সারা?
বিয়ে নিয়ে অবশ্য অতীতে নিজের পছন্দের কথা জানিয়েছিলেন সারা তেন্ডুলকর। ভাই অর্জুন তেন্ডুলকরের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে ভাবনার কথা ভাগ করে নিয়েছিলেন তিনি। সারার কথায়, ভাইয়ের বিয়ের অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখেছেন। নিজের বিয়েতে কী চান, আর কী চান না, সে বিষয়ে তাঁর ধারণাও আরও স্পষ্ট হয়েছে।
বিয়ের সাজ নিয়েও একসময় নিজের কল্পনার কথা জানিয়েছিলেন সচিন-কন্যা। ছোটবেলায় হালকা প্যাস্টেল রঙের পোশাকে কনে হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। বিয়ের অনুষ্ঠানও বেশ আড়ম্বরপূর্ণ হবে বলে ভাবতেন। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে তাঁর পছন্দ। এখন বরং ঘনিষ্ঠ পরিসরে, একান্তভাবে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন সারা।
কনের সাজের ক্ষেত্রেও এসেছে বদল। আগে প্যাস্টেল রঙের প্রতি ঝোঁক থাকলেও এখন লাল রঙের পোশাকেই নিজেকে কল্পনা করেন তিনি। তবে নিজের তুলা রাশির প্রসঙ্গ টেনে মজার ছলেই বলেছিলেন, সিদ্ধান্ত নিতে তাঁর অসুবিধা হয়। তাই শেষ পর্যন্ত বিয়ের পোশাকের রং সবুজও হতে পারে।

এর আগেও সারার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার চর্চা হয়েছে। ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছড়িয়েছিল। যদিও দু’জনের কেউই প্রকাশ্যে সেই সম্পর্কের বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি। ফলে সেই জল্পনাও কখনও আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি।
এবার সানি দেওলের ছেলে রাজবীর দেওলের সঙ্গে সারার বিয়ের খবর সামনে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু সারার ঘনিষ্ঠ সূত্রের বক্তব্যে সেই জল্পনার ভিত্তি নিয়েই প্রশ্ন উঠেছে। আপাতত বিয়ের কোনও খবর নেই। নিজের কাজেই মন দিতে চান সচিন-কন্যা।



