প্রয়াত বিশিষ্ট সঙ্গীত পরিচালক, সুরকার ও গীতিকার বাবুল বোস। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ৭৪ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয়। রবিবার সম্পন্ন হয়েছে শেষকৃত্য। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্রের সঙ্গীতজগতে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারের সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারির শুরুতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বাবুল। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর অগ্ন্যাশয়ে চতুর্থ পর্যায়ের ক্যানসার ধরা পড়ে। ফেব্রুয়ারি থেকে শুরু হয় কেমোথেরাপি। চিকিৎসার সময় ১৫টি কেমোথেরাপি ও ১০টি রেডিয়েশন নিতে হয়েছিল তাঁকে।
কিন্তু চিকিৎসার ধকল ক্রমশ বাড়ছিল। রেডিয়েশনের পর শারীরিক ভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন সুরকার। শিরায় সমস্যা ও ব্যথার কারণে পরবর্তী সময়ে আর কেমোথেরাপি নিতে চাননি তিনি। চিকিৎসকদের পরামর্শে ওষুধের মাধ্যমে চিকিৎসা চললেও রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। শেষ দিকে বাড়িতেই রেখে তাঁর দেখভালের পরামর্শ দেন চিকিৎসকেরা।
অসুস্থতার সময় নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন বাবুল। পরিবারের সদস্যদের কাছেই থাকতে চেয়েছিলেন তিনি। বাইরের কারও সঙ্গে দেখা করতে বা নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনতে চাননি। শেষ দিনগুলিতে গান ও রেকর্ডিংয়ের কাজে আর ফিরতে না পারার আক্ষেপ ছিল তাঁর।
বাংলা বাণিজ্যিক ছবির গানে বাবুল বোসের অবদান বিশেষ ভাবে স্মরণীয় হয়ে থাকবে। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির গান আজও শ্রোতাদের মনে জায়গা করে রয়েছে। বিশেষ করে ‘চোখ তুলে দেখো না’ গানটির জনপ্রিয়তার নেপথ্যে ছিল তাঁর সুর।
‘দেবদাস’, ‘দাদা ঠাকুর’, ‘পরিণাম’, ‘প্রতিবাদ’, ‘মানিক’, ‘নবাবনন্দিনী’, ‘শেষ যুদ্ধ’ এবং ‘আগুন জ্বলবেই’-সহ একাধিক বাংলা ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। বাংলা ছবির পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও কাজ করেছেন বাবুল। ‘মেহেন্দি’, ‘জিনা তেরি গলি মেঁ’, ‘মেরি আদালত’ এবং ‘চিতা’-র মতো ছবিতেও ছিল তাঁর সঙ্গীত পরিচালনা।
গায়ক কুমার শানুর বাংলা গানের যাত্রার শুরুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাবুলের। ‘অমর শিল্পী তুমি কিশোরকুমার’ গানটির সুর করেছিলেন তিনি। বাবুলের প্রয়াণে শোকপ্রকাশ করে কুমার শানু জানিয়েছেন, তাঁর হাত ধরেই বাংলায় গানের সফর শুরু হয়েছিল। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও সমাজমাধ্যমে শোকবার্তা দিয়েছেন। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-সহ একসঙ্গে কাজের স্মৃতি ভাগ করে নিয়ে প্রয়াত সুরকারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
বাবুল বোসের সুরে তৈরি বহু গান বাংলা ছবির দর্শক-শ্রোতার স্মৃতিতে থেকে যাবে। তাঁর প্রয়াণে বাংলা ও হিন্দি—দুই চলচ্চিত্রের সঙ্গীতজগতই হারাল এক পরিচিত সুরস্রষ্টাকে।



