বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার, ২৩ নভেম্বর ঢাকার সচিবালয়ে এই বৈঠকের পরই ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হন তিনি। তাঁর বক্তব্য, বাংলাদেশের বর্তমান অস্থিরতার নেপথ্যে ভারতের ভূমিকা রয়েছে। একইসঙ্গে শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং গঙ্গার জলবণ্টন চুক্তি নবীকরণের মতো বিষয়েও দিল্লির সঙ্গে আলোচনায় কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন নাহিদ।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাহিদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে একজোট হতে হবে। তাঁর দাবি, দেশের বর্তমান লড়াই শুধু আওয়ামি লিগের বিরুদ্ধে নয়, বরং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও। নাহিদের কথায়, ৫ অগস্টই আওয়ামি লিগকে পরাজিত করা হয়েছে। এখন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় রাজনৈতিক ঐক্য প্রয়োজন।
ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে এনসিপি নেতা বলেন, ভারত এক জন ‘খুনিকে’ আশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে কাজ করার জন্য একটি গোষ্ঠীকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে। তাঁর বক্তব্য, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যদিও এই অভিযোগের পক্ষে বৈঠকের পর সাংবাদিকদের সামনে কোনও নির্দিষ্ট প্রমাণ তুলে ধরেননি তিনি।
হাসিনার প্রত্যর্পণ ও গঙ্গার জলবণ্টন চুক্তি নিয়ে বার্তা
তারেক রহমানের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক বিষয়ও তুলে ধরেছে এনসিপি। তার মধ্যে অন্যতম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা। নাহিদের বক্তব্য, হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় সরকারকে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নিতে হবে। পাশাপাশি গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশের ন্যায্য জলপ্রাপ্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। ফলে চুক্তির নবীকরণ নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নাহিদ মনে করেন, এই আলোচনায় বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
বৈঠকে শুধু ভারত-বাংলাদেশ সম্পর্ক নয়, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তার বিষয়ও আলোচনায় এসেছে বলে জানিয়েছেন এনসিপি নেতা। তাঁর বক্তব্য, রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হলে সংস্কার, ন্যায়বিচার এবং জাতীয় সার্বভৌমত্বকে গুরুত্ব দিতে হবে।
হাসিনার দেশে ফেরার ঘোষণার আগে উত্তেজনা
এদিকে শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণাকে ঘিরেও রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। ২০২৪ সালের অগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে রয়েছেন। সম্প্রতি তাঁর দল আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিভিন্ন কর্মসূচি এবং দেশজুড়ে আন্দোলনের জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে বলে খবর।
আওয়ামি লিগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ থাকলেও দলের নেতা-কর্মীদের একাংশ বিভিন্ন এলাকায় কর্মসূচি চালাচ্ছেন। বিশেষ করে শেখ হাসিনার জন্মভিটে গোপালগঞ্জে একাধিক সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা সামনে এসেছে। গত ২০ নভেম্বরের আওয়ামি লিগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে একটি থানা, জনপ্রতিনিধির বাড়ি-সহ একাধিক জায়গায় আগুন লাগানোর খবর প্রকাশিত হয়েছে। বিভিন্ন রাস্তায় অবরোধের জেরে জনজীবনও ব্যাহত হয়।
এর আগে নভেম্বরের মাঝামাঝি সময়ে গোপালগঞ্জে আওয়ামি লিগের মিছিল ঘিরে অশান্তি ছড়ায়। পুলিশের গাড়ি ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে সেখানে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক স্তরেও পদক্ষেপ করা হয়।
এই আবহে তারেক রহমানের সরকারের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যেই ভারতের বিরুদ্ধে নাহিদ ইসলামের মন্তব্য এবং রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



