এক দফায় লোকসভা নির্বাচন চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। সোমবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করল তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। ছিলেন, লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এক দফায় ভোট চাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর অতসক্রিয়তা নিয়েও অভিযোগ জানাল তৃণমূল।
আরও পড়ুন: সবচেয়ে বেশি দুর্নীতি পূর্ব মেদিনীপুরে? নাম না করে ফের অধিকারী পরিবারকে নিশানা মমতার
এদিন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন এক দফায় ভোট হবে না? নরেন্দ্র মোদী অমিত শাহের প্রচারের জন্য? বিজেপি শাসিত রাজ্যে এক দফায় ভোট হলে বাংলাতেও এক দফায় ভোট করাতে হবে।” ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে টহলদারি। এই প্রসঙ্গেও তৃণমূলের অভিযোগ, সিআইএসএফ-এর জওয়ানদের দেখে সাধারণ মানুষ ভয় পাচ্ছে!

প্রসঙ্গত, তৃণমূল-সহ রাজ্যের মোট আটটি রাজনৈতিক দলের সঙ্গে সর্বদল বৈঠক করল জাতীয় নির্বাচন কমিশন। সেখানে সিপিআইএম এবং কংগ্রেসের তরফে পঞ্চায়েত নির্বাচনে ‘হিংসা’-র প্রসঙ্গ উল্লেখ করে শান্তিপূর্ণ ভোটের দাবি জানানো হয়। অভিযুক্ত জেলাশাসকের নামেও নালিশ জানিয়েছে বামেরা।

এক দফায় ভোট চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল, অভিযোগ বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়েও
অন্যদিকে, কমিশন সাফ জানিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট করতে হবে। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত নিতে হবে। বিজেপির তরফে যদিও কেন্দ্রীয় বাহিনীর ওপর জোর দেওয়া হয়েছে। এক দফায় ভোটের বিরোধিতাও জানিয়েছে গেরুয়া দল।




