অভিষেককে ঘিরে তৃণমূলে বিস্ফোরণ! অরূপ-সুশান্তদের ইস্তফায় কড়া নিশানা কল্যাণের

অরূপ চক্রবর্তী ও সুশান্ত ঘোষের ইস্তফা ঘিরে তৃণমূলে বাড়ছে অন্তর্দ্বন্দ্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কল্যাণ, কাকলিকেও কটাক্ষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃণমূলের অন্দরে অসন্তোষ যেন আর চাপা থাকছে না। অরূপ চক্রবর্তী ও সুশান্ত ঘোষের ইস্তফার ঘটনাকে কেন্দ্র করে এ বার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নারদ মামলার প্রসঙ্গ টেনে কটাক্ষ করলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকেও। ফলে শাসকদলের অন্দরে কাদা ছোড়াছুড়ি আরও প্রকাশ্যে চলে এল বলে মত রাজনৈতিক মহলের।

কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী বুধবার অ্যাকাউন্টস কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দেন। একই দিনে ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষও বরো চেয়ারম্যানের পদ ছেড়ে দেন। দু’জন একসঙ্গে পুরসভায় গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ায় জল্পনা আরও তীব্র হয়েছে।

- Advertisement -

এই ঘটনাকে ঘিরেই বিস্ফোরক মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “অরূপকে নেতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এই পরিস্থিতির দায়ও ওঁরই।” তিনি আরও বলেন, যাঁদের সামনে আনা হয়েছিল, তাঁরাই এখন দলের বিরুদ্ধে মুখ খুলছেন।

অরূপকে সরাসরি নিশানা করে কল্যাণ প্রশ্ন তোলেন, “ওর কী যোগ্যতা আছে সারা রাজ্যে নেতা হওয়ার?” তাঁর বক্তব্য, এতদিন যিনি সর্বত্র বক্তৃতা করে বেড়িয়েছেন, এখন তিনি কেন নীরব—তা নিয়েও প্রশ্ন ওঠা উচিত।

তবে কল্যাণের মন্তব্যের জবাব দিতে দেরি করেননি অরূপও। পাল্টা তিনি কল্যাণের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান নিয়ে প্রশ্ন তোলেন। অরূপের কটাক্ষ, “আমার যোগ্যতা না থাকতেই পারে, কিন্তু উত্তরপাড়ায় শীর্ষণ্য কোন যোগ্যতায় টিকিট পেলেন?” এই মন্তব্যে দলের অন্দরের দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়েছে।

অন্যদিকে, সদ্য তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়া কাকলি ঘোষ দস্তিদারও দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আরজি কর-কাণ্ড এবং আইপ্যাকের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, এক ‘অভদ্র’ সাংসদের আচরণে নেতৃত্বের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন কাকলি।

- Advertisement -

এর জবাবে কল্যাণ আবার নারদ মামলার প্রসঙ্গ টেনে কাকলিকে আক্রমণ করেন। তিনি বলেন, “নারদে আমি টাকা নিইনি, উনি নিয়েছেন।” একই সঙ্গে ‘সিন্ডিকেট রাজ’-এর উৎস নিয়েও কটাক্ষ করেন তিনি। যদিও নাম না করলেও রাজনৈতিক মহল বুঝে নিয়েছে কাকে উদ্দেশ করে এই মন্তব্য।

তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধেও সরব হয়েছেন কল্যাণ। তাঁর অভিযোগ, দলে পর্যবেক্ষক ব্যবস্থা তুলে দিয়ে সংগঠনের ভিত দুর্বল করা হয়েছে। কংগ্রেস ঘরানার রাজনীতিতে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ছিল বলেও দাবি করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মধ্য দিয়েও কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ মহলকেই নিশানা করতে চেয়েছেন কল্যাণ।

সব মিলিয়ে, তৃণমূলের অন্দরে এখন চাপা অসন্তোষ প্রকাশ্যে বিস্ফোরিত হচ্ছে। একের পর এক নেতা প্রকাশ্যে নেতৃত্বকে আক্রমণ করায় আগামী দিনে দলের অভ্যন্তরীণ সমীকরণ কোন দিকে যায়, সেটাই এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর