কলকাতা পুরসভার অন্দরে ফের ভাঙন তৃণমূলের, PAC-চেয়ারম্যান পদে ইস্তফা অরূপ চক্রবর্তীর

কলকাতা পুরসভায় একের পর এক ইস্তফা। পাবলিক অ্যাকাউন্টস কমিটি ও বরো চেয়ারম্যান পদ ছাড়লেন অরূপ চক্রবর্তী ও সুশান্ত ঘোষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা পুরসভার অন্দরে ভাঙনের ছবি আরও স্পষ্ট। একদিনের ব্যবধানে গুরুত্বপূর্ণ দুই পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের দুই কাউন্সিলর অরূপ চক্রবর্তী ও সুশান্ত ঘোষ। পুর প্রশাসনের অন্দরে এই ধারাবাহিক পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

বুধবার কলকাতা পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। পুর কমিশনার স্মিতা পান্ডের কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।

তবে ঠিক কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুর প্রশাসন সূত্রেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অন্যদিকে একই দিনে ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। যদিও ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আপাতত দায়িত্ব পালন চালিয়ে যেতে রাজি রয়েছেন তিনি।

সুশান্ত ঘোষের পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই কলকাতা পুরসভার অন্দরে চাপা অস্বস্তি আরও বেড়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। কারণ, এর আগেও ছাব্বিশের ভোটে তৃণমূলের খারাপ ফলের পর ৯ নম্বর বরোর চেয়ারপার্সন পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন দেবলীনা বিশ্বাস।

পরপর একাধিক গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে পুর প্রশাসনের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও। যদিও প্রকাশ্যে কোনও নেতা এখনও ভাঙনের কথা স্বীকার করেননি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, কাউন্সিলর পদ না ছেড়ে শুধুমাত্র প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানো ইঙ্গিত দিচ্ছে, সংগঠনের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে চাইছেন না এই নেতারা। তবে পুরসভার অন্দরে অস্বস্তির আবহ যে তৈরি হয়েছে, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।

কলকাতা পুরসভার এই ধারাবাহিক পদত্যাগ আগামী দিনে তৃণমূলের সাংগঠনিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন