ভোটের আগে নতুন করে বাড়ল অনিশ্চয়তা! দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হলেও স্বস্তি পেল না শাসক শিবির। কয়েকজনের নাম তালিকায় উঠলেও এখনও তৃণমূলের ৯ জন প্রার্থীর নাম ‘বিবেচনাধীন’ তালিকায় ঝুলে রয়েছে। মনোনয়নের সময় ঘনিয়ে আসায় দ্রুত নিষ্পত্তির দাবিতে আদালতের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।
শুক্রবার গভীর রাতে দ্বিতীয় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় শশী পাঁজা ও কাজল শেখ-এর নাম অন্তর্ভুক্ত হলেও এখনও দলের ৯ জন প্রার্থীর নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ তালিকায় রয়ে গিয়েছে।
প্রাথমিক তালিকা অনুযায়ী, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, মালদহের মোথাবাড়ি, মুর্শিদাবাদের সমশেরগঞ্জ, লালগোলা, নওদা, কলকাতার শ্যামপুকুর, হুগলির চণ্ডীতলা ও উত্তরপাড়া, উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এবং বীরভূমের হাসন—এই সব কেন্দ্রের প্রার্থীদের নাম এখনও নিষ্পত্তির অপেক্ষায়।
এই পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেস শুক্রবারই চিঠি দিয়েছে কলকাতা হাই কোর্ট-এর প্রধান বিচারপতিকে। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই ‘বিবেচনাধীন’ তালিকার নিষ্পত্তির তদারকি করছেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
উল্লেখযোগ্যভাবে, প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য ৯ এপ্রিল। ফলে সময় যত এগোচ্ছে, চাপ তত বাড়ছে সংশ্লিষ্ট প্রার্থীদের উপর।
নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার প্রকাশিত তালিকায় প্রায় ১২ লক্ষ বিচারাধীন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। সোমবার ও শুক্রবার মিলিয়ে মোট প্রায় ২২ লক্ষ নামের তালিকা প্রকাশ হয়েছে। এছাড়া বুথভিত্তিক প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ নাম বাদ পড়েছে বলেও জানা যাচ্ছে।
এখনও পর্যন্ত প্রায় ৩৭ লক্ষ অভিযোগের নিষ্পত্তি করেছেন বিচার বিভাগীয় আধিকারিকরা। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ প্রথম এবং শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হল।
সব মিলিয়ে, মনোনয়ন জমার আগে এই ‘বিবেচনাধীন’ নামগুলির নিষ্পত্তি হবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহলে।



