২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বড় কৌশলগত বার্তা দিল তৃণমূল কংগ্রেস। ৫২ জন মহিলা প্রার্থী, একাধিক নতুন মুখ, আবার অভিজ্ঞদের উপর ভরসা—সব মিলিয়ে প্রার্থী তালিকায় স্পষ্ট ভারসাম্যের ছাপ। তবে নজর কেড়েছে একটি বিষয়—এবার কোনও নতুন টলিউড তারকাকে প্রার্থী করা হয়নি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ পরিকল্পনায় তৈরি এই তালিকা রাজনৈতিক বার্তায় ভরপুর।
উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ—প্রায় সব জেলাতেই প্রার্থী বাছাইয়ে চমক রেখেছে তৃণমূল। কোচবিহার জেলায় মেখলিগঞ্জে পরেশচন্দ্র অধিকারী, মাথাভাঙায় সাবলু বর্মণ, কোচবিহার উত্তর কেন্দ্রে পার্থ রায় এবং দক্ষিণে অভিজিৎ দে ভৌমিককে প্রার্থী করা হয়েছে। শীতলকুচিতে হরিহর দাস, সিতাইয়ে সঙ্গীতা রায় বাসুনিয়া এবং দিনহাটায় উদয়ন গুহ টিকিট পেয়েছেন।


দক্ষিণবঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ আসনে চেনা মুখের উপরেই ভরসা রেখেছে দল। কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম, বিধাননগরে সুজিত বসু, রাসবিহারীতে দেবাশিস কুমার প্রার্থী হয়েছেন। ভবানীপুর থেকে আবার লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
এই তালিকায় পারিবারিক রাজনীতির ছোঁয়াও স্পষ্ট। বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্যায় এবং মহেশতলায় তাঁর ভাই শুভাশিস দাস—দু’জনেই টিকিট পেয়েছেন। একইভাবে মন্ত্রী বেচারাম মান্না ও তাঁর স্ত্রী করবী মান্নাকেও প্রার্থী করেছে দল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়া থেকে লড়বেন।
চমক রয়েছে বাদ পড়ার তালিকাতেও। প্রাক্তন ক্রিকেটার ও মন্ত্রী মনোজ তিওয়ারি টিকিট পাননি। জীবনকৃষ্ণ সাহার মতো কয়েকজন পুরনো মুখও জায়গা হারিয়েছেন। অন্যদিকে নতুন করে সুযোগ পেয়েছেন দেবাংশু ভট্টাচার্য, যিনি এবার চুঁচুড়া থেকে প্রার্থী।


রাজনীতির পাশাপাশি ক্রীড়া জগত থেকেও মুখ তুলে এনেছে তৃণমূল। এশিয়ান গেমস সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণকে প্রার্থী করা হয়েছে, যা তালিকায় আলাদা মাত্রা যোগ করেছে।
এছাড়াও কুণাল ঘোষ বেলেঘাটা থেকে প্রথমবার ভোটের লড়াইয়ে নামছেন, মদন মিত্র আবার কামারহাটি থেকে প্রার্থী হয়েছেন। অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর আসন বদলে তাঁকে করিমপুরে পাঠানো হয়েছে।
সব মিলিয়ে এই প্রার্থী তালিকা স্পষ্ট বার্তা দিচ্ছে—অভিজ্ঞতা ও নতুনত্বের মিশ্রণে ২০২৬-এর লড়াইয়ে আক্রমণাত্মক কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস।


দেখে নিন ২০২৬ বিধানসভা নির্বাচন উপলক্ষে তৃণমূলের সম্পূর্ন প্রার্থী তালিকা
এখানে দেখুন – AITC-Candidate-List-2026








