বিবেচনাধীন ভোটারদের প্রথম তালিকা প্রকাশ শুক্রবার, জরুরি বৈঠক ডাকলেন হাই কোর্টের প্রধান বিচারপতি

শুক্রবার প্রকাশ হতে পারে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা, তার আগে নিরাপত্তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্রসচিব-ডিজিদের নিয়ে বৈঠক ডাকলেন প্রধান বিচারপতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে ভোটের আগে চূড়ান্ত প্রস্তুতি—শুক্রবারই প্রকাশ পেতে পারে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা। তার আগে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে জরুরি বৈঠকে ডাকলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। ভোটের আবহে এই বৈঠককে ঘিরে প্রশাসনিক মহলে বাড়ছে জল্পনা।

বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলাকালীন বিপুল সংখ্যক ‘বিবেচনাধীন’ ভোটারের নাম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কমিশন সূত্রে ইঙ্গিত, দ্রুত নিষ্পত্তি হওয়া নামগুলির ভিত্তিতেই শুক্রবার প্রথম তালিকা প্রকাশ হতে পারে। তার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে কি না, সেটাই জানতে চাইছেন প্রধান বিচারপতি।

গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত সংশোধিত ভোটার তালিকায় মোট ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনকে ‘যোগ্য’ হিসেবে চিহ্নিত করা হলেও প্রায় ৬০ লক্ষের বেশি নাম রাখা হয়েছিল ‘বিবেচনাধীন’ হিসেবে। তবে গত কয়েকদিনে কাজের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বুধবার পর্যন্ত প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রক্রিয়ায় হাই কোর্টের তত্ত্বাবধানে ৭০০-র বেশি বিচারবিভাগীয় আধিকারিক যুক্ত রয়েছেন।

প্রশাসনের অন্দরে আশা, এই গতিতে কাজ চললে ভোটের আগেই অধিকাংশ ‘বিবেচনাধীন’ নামের নিষ্পত্তি সম্ভব। তবে নির্ধারিত সময়ের মধ্যে যদি সব নাম চূড়ান্ত না হয়, সেক্ষেত্রে ঝুলে থাকা ভোটারদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠতে পারে। প্রয়োজনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও যাঁদের নাম বাদ পড়বে, তাঁদের জন্য বিশেষ ট্রাইবুনালে আপিলের পথ খোলা থাকবে।

এদিকে, নির্বাচন কমিশন শুরু থেকেই জানিয়ে এসেছে, দফা কম হলেও নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ। সেই লক্ষ্যেই ভোট ঘোষণার পর থেকেই প্রশাসনের শীর্ষ স্তরে একাধিক রদবদল করা হয়েছে—মুখ্যসচিব থেকে শুরু করে স্বরাষ্ট্রসচিব, এমনকি শীর্ষ আইপিএস আধিকারিকদেরও সরানো হয়েছে। অতিরিক্ত ভোটার তালিকা ঘিরে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতেই এবার সরাসরি নজরদারিতে হাই কোর্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন