লোকসভা নির্বাচনে তৃণমূল থেকে টিকিট না পেয়ে অভিমানের সুর শোনা গিয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এরপরই জল্পনা শুরু হয়েছিল, তাঁর মান ভঞ্জনে উপনির্বাচনে প্রার্থী করা হতে পারে। শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হল। বরানগর কেন্দ্র থেকে অভিনেত্রীকে টিকিট দিল শাসক দল। শুক্রবার দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (By election) প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল।



আরও পড়ুন: দেবকে খোঁচা দিতে নুসরতকেও টেনে আনলেন, তৃণমূলের দুই বিদায়ী সাংসদকে নিয়ে বেলাগাম হিরণ
লোকসভা ভোটে টিকিট পাওয়ার আশা ছিল সায়ন্তিকার। কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ায় প্রকাশ্যে অভিমানের কথা শুনিয়েছিলেন। তবে দলবদল নিয়ে সাফ জানিয়ে দিয়েছিলেন তৃণমূলে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে কাজ করবেন। কয়েকদিনের মধ্যেই তাঁর মান ভঞ্জন করল দল। লোকসভা না হলেও ফের বিধানসভার টিকিট পাচ্ছেন তিনি। তাপসের ছেড়ে যাওয়া আসন দখলে রাখতে সায়ন্তিকার উপরেই ভরসা রাখল তৃণমূল। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী সজল ঘোষ (Sajal Ghosh)। আগামী ১ জুন বরানগরে উপনির্বাচন রয়েছে। আগে থেকেই একটা জল্পনা ছিল, সায়ন্তিকাকে প্রার্থী করা হতে পারে, যদিও এবিষয়ে প্রকাশ্যে কেউ কোনও কথা বলেনি। শেষ পর্যন্ত জল্পনা বাস্তব হল।

অন্যদিকে, মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে রেয়াত হোসেন সরকারকে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ভগবানগোলা সংখ্যালঘু অধ্যুষিত আসন। এই কেন্দ্রে ৬২ শতাংশ মুসলিম ভোট রয়েছে। সেই কথা মাথায় রেখেই রেয়াত হোসেন সরকারকে টিকিট দিয়েছে তৃণমূল। জল্পনা ছিল, রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে ভগবানগোলায় প্রার্থী করা হতে পারে। এই সংক্রান্ত আলোচনা চলছে। তবে সেই জল্পনার অবসান ঘটল। এই আসনে বিজেপির প্রার্থী ভাস্কর সরকার। আগামী ৭ মে এই আসনে উপনির্বাচন হবে।


উপনির্বাচনে সজলের প্রতিদ্বন্দ্বী সায়ন্তিকা, ভগবানগোলায় কাকে প্রার্থী করল তৃণমূল?

বরানগর ও ভগবানগোলা- ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দুটি আসনই তৃণমূলের ঝুলিতে যায়। বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায় কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি (Idrish Ali)। এই দুটি কারণে দুই আসন বিধায়ক শূন্য হয়ে পড়ায় এখানে উপনির্বাচন প্রয়োজন।








