কলকাতার বুকে ফের গুলির ঘটনা ঘিরে চাঞ্চল্য। গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবকের উপর এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল তিলজলা এলাকায়। ব্যক্তিগত বচসা থেকে শুরু হওয়া বিবাদ মুহূর্তে রক্তাক্ত ঘটনায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। গুরুতর জখম অবস্থায় যুবককে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে, আর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় মহঃ নিয়াজ ও মহঃ সলমনের মধ্যে বচসা বাধে। সেই সময়ই নিয়াজকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে গভীর রাতে, প্রায় রাত ১টা নাগাদ অভিযুক্ত সলমন ও তার সঙ্গীরা নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।


কীভাবে ঘটল হামলা?
অভিযোগ, ২সি তিলজলা রোডে নিজের বাড়ির সামনেই নিয়াজকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। নিয়াজের দুই পায়ে মোট তিনটি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকেরা।
ঘটনার নেপথ্যে কী?
স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি মুদিখানা দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করেই প্রথমে বিবাদ শুরু হয়েছিল। সেই ঝামেলা ধীরে ধীরে তীব্র হয়ে শেষ পর্যন্ত গুলিচালনার ঘটনায় গড়ায়।
আহত নিয়াজ পেশায় বাইক মেকানিক বলে জানা গেছে। অভিযুক্ত সলমন এলাকায় ‘ল্যাংড়া সলমন’ নামে পরিচিত। অভিযোগ, অতীতেও একাধিক দুষ্কৃতীমূলক ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। এমনকি আগে গুলি চালানোর সময় নিজের পায়েই গুলি লেগে গুরুতর জখম হওয়ার ঘটনাও রয়েছে বলে স্থানীয়দের দাবি।


এলাকায় উত্তেজনা, পুলিশের নজরদারি
ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই এলাকায় বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় মহিলারা। অন্যদিকে নিয়াজের পরিবারের সদস্যরা এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের বাইরে উদ্বেগে অপেক্ষা করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। বেনিয়াপুকুর থানার পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।







