নজরবন্দি ব্যুরোঃ উচ্চবিত্ত দেশগুলির কাছে রয়েছে অধিকাংশ করোনা ভ্যাকসিন, তাই নিন্মবিত্ত দেশগুলিতে টিকার অভাব দেখা দিয়েছে। প্যারিসে ‘পিস ফোরাম স্প্রিং’ বৈঠকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন হু প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস। হু প্রধান বলেন, ‘‘উচ্চবিত্ত দেশগুলির জনসংখ্যা বিশ্বের ১৫ শতাংশ। অথচ তাদের কাছেই বিশ্বের মোট টিকার ৪৫ শতাংশ রয়েছে। নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত দেশগুলির জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। অথচ তাদের জন্য বরাদ্দ মাত্র ১৭ শতাংশ টিকা। এই ব্যবধানটা বিস্তর।’’
আরও পড়ুনঃ তউকতের তান্ডবে মহারাষ্ট্রে মৃত ৬, ডুবে গেছে বার্জ, উদ্ধার ১৪৬ জন, নিখোঁজ ১২৭ জন


তিনি জানান, এখন পর্যন্ত ১২৪টি দেশে করোনা টিকার মোট ৬.৩ কোটি ডোজ দেওয়া হয়েছে। যা দেশগুলির মোট জনসংখ্যার হিসাবে মাত্র ০.৫ শতাংশ। বিশ্বে জুড়ে টিকা বৈষম্যের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর কথায় সঠিক ভাবে টিকা বন্টন না হওয়ার কারনেই ভ্যাকসিনের আকাল দেখা দিয়েছে। টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস বলেন, ‘‘এমনকী, এই মুহূর্তে বহু উচ্চবিত্ত দেশ শিশু ও নাবালকদের টিকাকরণের পথে যাচ্ছে। অথচ এখনও গোটা বিশ্বের বহু স্বাস্থ্যকর্মী, বৃদ্ধ ও অন্যান্য ঝুঁকিবহুলদের ক্ষেত্রে টিকাকরণ হয়নি।’’
উল্লেখ্য, গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, যে আগামী ৬ সপ্তাহের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ৮ কোটি টিকার ডোজ সরবরাহ করবেন তারা। তিনি বলেন, ‘‘সারা বিশ্বকে সাহায্য করতে আমরা একটা অতিরিক্ত পদক্ষেপ করতে চলেছি। আমরা জানি, আমেরিকা ততদিন সম্পূর্ণ সুরক্ষিত হতে পারবে না, যতদিন না সারা বিশ্ব থেকে অতিমারীকে দূরে সরানো যায়। তার আগে কোনও সমুদ্র, কোনও প্রাচীরই আমাদের নিরাপদে রাখতে পারবে না।’’







