বাংলাদেশে সরকার গঠনের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন বিএনপি নেতা তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই তিনি জানিয়ে দিলেন, যে কোনও কূটনৈতিক সমীকরণের আগে অগ্রাধিকার পাবে বাংলাদেশের স্বার্থ। তাঁর এই মন্তব্যে দিল্লি-ঢাকা সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সাধারণ নির্বাচনে বিপুল জয়ের পর প্রায় দুই দশক পরে ক্ষমতায় ফিরতে চলেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)। দলের চেয়ারম্যান এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানই পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন—এমনটাই প্রায় নিশ্চিত। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে এগোবে, তা নিয়ে প্রশ্ন ওঠে।


শনিবার ঢাকায় সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নের জবাব দেন তারেক। তাঁর স্পষ্ট বক্তব্য, “বাংলাদেশের স্বার্থই আমাদের অগ্রাধিকার।” রাজনৈতিক মহলের মতে, ক্ষমতায় আসার আগেই তাঁর বার্তা ছিল—রাওয়ালপিন্ডি বা দিল্লি নয়, সবার আগে বাংলাদেশ। এ দিনও সেই অবস্থানেই অটল থাকেন তিনি।
সাংবাদিক বৈঠকে তারেক বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় মানুষই বিএনপিকে জিতিয়েছে। এই জয় সাধারণ মানুষের। “আজ থেকে আমরা প্রকৃত অর্থে স্বাধীন”—এই মন্তব্যও শোনা যায় তাঁর কণ্ঠে।
তাৎপর্যপূর্ণভাবে, তিনি নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান। বিশেষ করে জামায়াতে ইসলামি ও এনসিপি-র মতো দলগুলির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারেক। তাঁর কথায়, “আমরা এমন এক সময়ে দায়িত্ব নিতে চলেছি, যখন ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মুখোমুখি হতে হবে।”
জাতীয় ঐক্যের বার্তাও দেন তিনি। দল, মত, বর্ণ বা ধর্ম নির্বিশেষে কারও উপর আক্রমণ বরদাস্ত করা হবে না বলে অঙ্গীকার করেন তারেক। একই সঙ্গে তিনি বলেন, সরকার ও বিরোধী—উভয় পক্ষ দায়িত্বশীল ভূমিকা নিলে বাংলাদেশে গণতন্ত্র আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে।
এ দিন নিজের মা ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুপস্থিতির প্রসঙ্গও তোলেন তিনি। প্রায় ২০ বছর পরে বিএনপি যখন ক্ষমতায় ফেরার পথে, সেই মুহূর্তে তাঁর পাশে খালেদা জিয়া নেই—এই বিষয়টি তাঁকে ব্যথিত করছে বলেও জানান তারেক।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



