রাজ্যসভা নির্বাচনে নিজেদের চার জন প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে প্রার্থীদের নাম জানালো রাজ্যের শাসক দল। এই চারজন হলেন, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি তথা প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর, নাদিমুল হক এবং সাংবাদিক সাগরিকা ঘোষ।
পঞ্চায়েতের রেশ কাটতে না কাটতেই আগামী রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল রাজ্যের শাসক দল। আজকেই বিধায়কদের মনোনয়ন জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। মনোনয়নপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভার উপ মুখ্যসচেতক তাপস রায়কে। তাঁরাই আজ ছুটির দিনে বিধানসভা খুলে বিধায়কদের মনোনয়নপত্রে স্বাক্ষর করাচ্ছেন। যারা আজ আসতে পারবেন না তাঁদের আগামী ১২ তারিখ বিধানসভায় এসে সই সাবুদ করে দেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৩ই জুলাই রাজ্যসভার মনোনয়ন পেশ করার শেষ দিন।
আগামী মাসেই রাজ্যসভার নির্বাচন। বিধায়কদের ভোটাধিকার রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তিন বিধায়ক অংশ নিতে পারবেন। পার্থ চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা, জেলবন্দি থাকলেও তাঁদের বিধায়ক পদ অব্যাহত রয়েছে। তাই রাজ্যসভার সাংসদ নির্বাচনে তাঁদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাঁদের আদালতে আবেদন করতে হবে। সেই আবেদন মঞ্জুর হলে ভোট দিতে যাবেন তাঁরা।
পঞ্চায়েত ভোটের আবহে ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যসভা নির্বাচনের। আগামী ২৪ জুলাই রয়েছে ভোটপর্ব। ছয়টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন হবে। কিন্তু এরইমধ্যে রাজ্যসভায় যাওয়া নিয়ে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে। মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়- আসন এক দাবিদার তিনজন, শেষ পর্যন্ত টিকিট কে পাবেন তা নিয়ে হচ্ছে জলঘোলা।
পশ্চিমবঙ্গের আসন সংখ্যা ১৬। এর মধ্যে ছয়টি আসনে ভোট হবে। আরও একটি আসনে রয়েছে উপনির্বাচন। রাজ্যসভায় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, সুখেন্দু শেখর রায়ের আসন খালি হচ্ছে। কংগ্রেসের রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্যের মেয়াদ ফুরোচ্ছে। বাংলার এই রাজ্যসভার সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৮ আগস্ট।