নজরবন্দি ব্যুরো: আগামী মাসেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এরইমধ্যে ঘোষণা হয়ে গেল রাজ্যসভা নির্বাচনের দিন। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। বাংলার ১৬ টি আসনের মধ্যে ছয়টিতে নির্বাচন হবে। এর মধ্যে আবার একটিতে হবে উপনির্বাচন। কবে হবে রাজ্যসভার নির্বাচন? মেয়াদ ফুরোচ্ছে কাদের? কোন আসনে রয়েছে উপনির্বাচন?
আরও পড়ুন: Mamata Banerjee-র খোঁজ নিলেন রাজ্যপাল, SSKM-এ এমআরআই মুখ্যমন্ত্রীর!
জানা গিয়েছে, আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন রয়েছে। পশ্চিমবঙ্গের আসন সংখ্যা ১৬। এর মধ্যে ছয়টি আসনে ভোট হবে। আরও একটি আসনে রয়েছে উপনির্বাচন। রাজ্যসভায় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, সুখেন্দু শেখর রায়ের আসন খালি হচ্ছে। কংগ্রেসের রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্যের মেয়াদ ফুরোচ্ছে। বাংলার এই রাজ্যসভার সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৮ আগস্ট।

অন্যদিকে লুইজিনহো ফেলেইরোর আসনটি খালি রয়েছে। কার্যকালের মেয়াদ ফুরনোর আগেই তিনি সাংসদ পদ ছেড়ে দিয়েছেন। গত ১১ এপ্রিল থেকেই রাজতসভায় তাঁর আসন ফাঁকা পড়ে রয়েছে। আগামী ২৪ জুলাই এই খালি আসনে উপনির্বাচন হবে। এছাড়াও, জাতীয় নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকায় গুজরাটের ৩ টি আসন ও গোয়ার একটি আসনে ভোট ঘোষণা করা হয়েছে।

নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৬ তারিখ রাজ্যসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুলাই। ১৪ জুলাই মনোনয়নের স্ক্রুটিনি হবে। ১৭ জুলাইয়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। আগামী ২৪ জুলাই সকাল ৯ টা থেকে ৪ টে পর্যন্ত ভোটপর্ব চলবে। একইদিনে ভোট গণনা হবে। ২৪ তারিখ বিকেল ৫ টা থেকে শুরু হবে এই প্রক্রিয়া। ২৬ জুলাইয়ের মধ্যে গোটা রাজ্যসভা নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন।
পঞ্চায়েতের আবহে ঘোষিত রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ, মেয়াদ ফুরোচ্ছে কাদের?




