নজরবন্দি ব্যুরো: আগামী মাসেই রাজ্যসভার নির্বাচন। বিধায়কদের ভোটাধিকার রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তিন বিধায়ক অংশ নিতে পারবেন। পার্থ চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা, জেলবন্দি থাকলেও তাঁদের বিধায়ক পদ অব্যাহত রয়েছে। তাই রাজ্যসভার সাংসদ নির্বাচনে তাঁদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাঁদের আদালতে আবেদন করতে হবে। সেই আবেদন মঞ্জুর হলে ভোট দিতে যাবেন তাঁরা।
আরও পড়ুন: হদিশ মিলল সায়নীর, নির্ধারিত সময়ের আগেই ED দফতরে যুব তৃণমূলের নেত্রী


রাজ্যসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা ১৬। এর মধ্যে ছয়টি আসনে ভোট হবে। একটি আসনে রয়েছে উপনির্বাচন। জানা গিয়েছে, রাজ্যসভার ভোটে নিজের মতদানের অধিকার পাবেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং নদিয়ার পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। গ্রেফতারির পরও তাঁদের বিধায়ক পদ এখনও খারিজ হয়নি। রাজ্যসভায় ভোটাধিকার প্রয়োগ করার আর্জি নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হতে পারেন। আদালত অনুমতি দিলে তিন বিধায়ক নিজে বিধানসভায় গিয়ে ভোট দিতে পারবেন।

রাজ্যসভায় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, সুখেন্দু শেখর রায়ের আসন খালি হচ্ছে। কংগ্রেসের রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্যের মেয়াদ ফুরোচ্ছে। বাংলার এই রাজ্যসভার সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৮ আগস্ট। অন্যদিকে লুইজিনহো ফেলেইরোর আসনটি খালি রয়েছে। কার্যকালের মেয়াদ ফুরনোর আগেই তিনি সাংসদ পদ ছেড়ে দিয়েছেন। গত ১১ এপ্রিল থেকেই রাজতসভায় তাঁর আসন ফাঁকা পড়ে রয়েছে। আগামী ২৪ জুলাই এই খালি আসনে উপনির্বাচন হবে।



উল্লেখ্য, গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর থেকেই জেলবন্দি তিনি। দলের সমস্ত পদ থেকে সরানো হলেও এখনও বেহালা পশ্চিমের বিধায়ক রয়েছেন তিনি। অন্যদিকে, গত বছরই টেট দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই।
Rajya Sabha-র ভোটে অংশ নিতে পারবেন ৩ জেলবন্দি বিধায়ক, বিধানসভায় যাবেন পার্থ! সঙ্গী কারা?








