বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশের পরই কালিয়াগঞ্জকাণ্ডের তদন্তে আইপিএস দময়ন্তী সেন এবং রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত এবং প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাসকে নিয়ে সিট গঠন করা হয়। কিন্তু অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়ে সিট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয় রাজ্য। দাবি করা হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার তদন্ত করতে পারেন না।
আগামী সোমবার প্রধান বিচারপতির শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দুটি মামলার শুনানি হবে। আদালত সূত্রে খবর, অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়ে সিট গঠনকে কেন্দ্র করে একটি মামলা এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার স্বরাষ্ট্রসচিবের থেকে রিপোর্ট চাওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় মামলাটি করা হয়েছে।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। কিন্তু পুলিশ তদন্তের পর জানায় বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে মৃতা। যদিও এই দাবি মানতে নারাজ পরিবার। বৃহস্পতিবার রাজ্যের তরফে ঘটনার তদন্তের রিপোর্ট পেশ করা হয়। সূত্রে খবর, রিপোর্টে দেখা যায় ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটায় ইনকোয়েস্ট হয় এবং ময়নাতদন্ত হয় দুপুর সাড়ে তিনটেয়। এনিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি মান্থা। ময়নাতদন্তের সময় পরিবারের লোক উপস্থিত ছিল না এবং পুলিশের দেহ টেনে নিয়ে যাওয়ার ঘটনাটিও উল্লেখ করেন বিচারপতি।
কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্য-রাজনীতি তোলপাড়। নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দল বিজেপি। এবার তৃণমূলকে কড়া সুরে আক্রমণ করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।