শুনানি শেষে নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের সভা করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে শর্তসাপেক্ষে। আসলে মামলাকারীদের দাবি ছিল, যৌথ মঞ্চের ৫০০ জন নবান্নের সামনের বাস স্ট্যান্ডের কাছে সভা ও অবস্থান বিক্ষোভ করবেন। কিন্তু বিচারপতির মতে, ৩০০ জন জমায়েত করতে পারবেন নবান্নের সামনে।
রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই মামলায় তিন মাসের জন্য স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, আগামী বছরের মার্চ মাসে ফের এই মামলার শুনানি হবে।
আগামী ২৪শে ডিসেম্বর লক্ষকন্ঠে গীতাপাঠের আয়োজন করেছে অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ। যেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই একই দিনে আবার রাজ্যে টেট পরীক্ষা। প্রধানমন্ত্রী শহরে থাকা মানে নিরাপত্তা আরও জোরদার হবে। সঙ্গে আবার টেট পরীক্ষার জন্যও অসংখ্য পরীক্ষার্থী বিভিন্ন জায়গায় যাতায়াত করবেন। ফলে এক তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেই কারণেই টেট পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।