নজরবন্দি ব্যুরো: হিরণের (Hiran Chatterjee) পর এবার ঘাটালের অভিনেতা সাংসদ দেবকে ( Dev Adhikari) নিয়ে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুরে মঙ্গলবার এক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তৃণমূলের তারকা সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক আক্রমণ শানান তিনি।
আরও পড়ুন: টাকা নিতে লোক পাঠাতেন মানিক, বিস্ফোরক মন্তব্য তাপসের
শুভেন্দু অধিকারী বলেন, “মিডিয়াতে বাঁচার জন্য এগুলি বলছে। দীপক অধিকারী (দেব) পাঁচ কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছেন সিনেমা করার জন্য এনামুলের থেকে… গরু পাচারের। দেব এসব কথা বলছে কেন? ও তো নিজাম প্য়ালেসে দুই বার গিয়েছে। আর দিল্লিতে ইডি ডেকেছিল। লুকিয়ে গিয়েছে, যাতে মিডিয়া না জানতে পারে। ও তো অ্যাকাউন্ট ট্রান্সফার আছে, সিনেমা করার জন্য নিয়েছিল পাঁচ কোটি।”

নিজের বক্তব্য আরও স্পষ্ট করে দিয়ে শুভেন্দু বলেন, “গরু পাচারের পাঁচ কোটি টাকা এনামুলের অ্যাকাউন্ট থেকে দীপক অধিকারীর অ্যাকাউন্টে গিয়েছে। সিনেমা তৈরি করেছে এই গরু পাচারের টাকায়।” দেবের উদ্দেশে শুভেন্দুর পরামর্শ, “কেন দেব এসব বলতে যাচ্ছে? কাঁচের ঘরে বসে ঢিল ছোড়ার দরকার নেই। চুপচাপ থাকো।”
গরু পাচারের টাকায় সিনেমা বানাতেন দেব, বিস্ফোরক দাবি শুভেন্দুর

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি গোরু পাচার কাণ্ডে পাঁচ ঘণ্টা ধরে জেরা করা হয় ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে। নিজাম প্যালেসে সিবিআই দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় দেব সাংবাদিকদের জানান, এনামুলকে তিনি চেনেন না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন তৃণমূল সাংসদ। যদিও সিবিআই (CBI) সূত্রে খবর, গোরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুলের কাছ থেকে দেব নাকি কিছু দামী জিনিস ও ঘড়ি উপহার নিয়েছিলেন।



