জ্ঞানেশকে পাল্টা চিঠি শুভেন্দুর, মমতার সব অভিযোগ খারিজ করে SIR প্রক্রিয়ায় পূর্ণ সমর্থনের বার্তা

এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা জবাব শুভেন্দু অধিকারীর। নির্বাচন কমিশনে চিঠি দিয়ে সব অভিযোগ খারিজ, চলতি প্রক্রিয়ায় সমর্থনের বার্তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অভিযোগের পর এ বার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর উদ্দেশে চার পাতার চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীর তোলা প্রতিটি অভিযোগ ‘খণ্ডন’ করেছেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করেছেন, বাংলায় চলতি এসআইআর প্রক্রিয়ায় তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।

শনিবার মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়ায় একাধিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন। সেই চিঠির পাল্টা জবাব হিসেবেই সোমবার কমিশনের কাছে নিজের বক্তব্য পেশ করলেন শুভেন্দু। তাঁর চার পাতার চিঠিতে পাঁচ দফায় মুখ্যমন্ত্রীর অভিযোগের বিরোধিতা করা হয়েছে। বিরোধী দলনেতার দাবি, এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী যে ছবি তুলে ধরছেন, তা ‘ভুল ব্যাখ্যা’ এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

মুখ্যমন্ত্রীর অন্যতম অভিযোগ ছিল—এসআইআর চালুর আগে পর্যাপ্ত প্রস্তুতি ও প্রশিক্ষণের অভাব রয়েছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পদ্ধতিতে এই কাজ হচ্ছে। এই প্রসঙ্গে শুভেন্দু চিঠিতে দাবি করেছেন, অকারণ তাড়াহুড়ো বা প্রশিক্ষণের ঘাটতির অভিযোগ ভিত্তিহীন। তাঁর বক্তব্য, গোটা দেশে আলোচনা ও প্রশিক্ষণের পরেই এসআইআর শুরু হয়েছে। শুধু পশ্চিমবঙ্গেই প্রায় ৫০ হাজার বিএলও এবং ইআরও-কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

এসআইআর-এর ক্ষেত্রে রাজ্যভেদে আলাদা মানদণ্ড প্রয়োগ নিয়েও মুখ্যমন্ত্রী আপত্তি তুলেছিলেন। বিশেষ করে বিহারে ফ্যামিলি রেজিস্টারকে বৈধ নথি হিসেবে গ্রহণ করা হলেও বাংলায় তা না করার অভিযোগ করেছিলেন তিনি। শুভেন্দুর পাল্টা ব্যাখ্যা, রাজ্যভিত্তিক কিছু নিয়মের পার্থক্য কোনও স্বেচ্ছাচারিতা নয়; বরং ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর স্বাভাবিক প্রতিফলন।

হোয়াট্‌সঅ্যাপের মতো ডিজিটাল মাধ্যমে কমিশনের নির্দেশ জারি নিয়েও মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন। এই অভিযোগের জবাবে শুভেন্দু লিখেছেন, সময়সীমাবদ্ধ কাজের ক্ষেত্রে দ্রুত নির্দেশ পৌঁছতে ডিজিটাল মাধ্যম ব্যবহার বর্তমান সময়ে স্বাভাবিক। পরে প্রয়োজন অনুযায়ী আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা গেজেট প্রকাশ করা হয়। তাঁর মতে, এটিকে ‘বিভ্রান্তি’ নয়, বরং কমিশনের সক্রিয়তা হিসেবেই দেখা উচিত।

ইআরও-দের অনুমতি ছাড়াই আইটি সিস্টেমের অপব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে—মুখ্যমন্ত্রীর এই অভিযোগকেও ‘কল্পনাপ্রসূত’ বলে দাবি করেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিটি পদক্ষেপ আইন মেনেই করা হচ্ছে। একই ভাবে শুনানিকেন্দ্রে হেনস্থা, বানান বা বয়সের অমিল নিয়ে অতিরিক্ত জিজ্ঞাসাবাদের অভিযোগও ‘রং চড়ানো’ বলে উল্লেখ করেছেন তিনি। শুভেন্দুর দাবি, যাচাই প্রক্রিয়ার সময় কী নথি লাগবে, তা আগেই নোটিসে জানিয়ে দেওয়া হয় এবং বয়স্কদের সমস্যা হাতেগোনা কয়েকটি ক্ষেত্রে সীমাবদ্ধ।

এসআইআর-এর কাজে পর্যবেক্ষক নিয়োগ এবং শুনানিকেন্দ্রে বুথ লেভেল এজেন্টদের প্রবেশাধিকার না থাকা নিয়েও মুখ্যমন্ত্রীর আপত্তির জবাব দিয়েছেন শুভেন্দু। তাঁর মতে, পর্যবেক্ষক নিয়োগ কমিশনের নিরপেক্ষতারই প্রমাণ। রাজ্যে নিযুক্ত মাইক্রো অবজ়ার্ভারেরা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মী, ফলে তাঁদের সঙ্গে রাজ্য সরকারের কোনও যোগ নেই। বিএলএ-দের অনুপস্থিতিতে শুনানিকেন্দ্রের নিরপেক্ষতা আরও বজায় থাকছে বলেও তিনি দাবি করেছেন।

সব মিলিয়ে, মমতার চিঠির পর কমিশনে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, শুভেন্দুর পাল্টা চিঠিতে তা আরও রাজনৈতিক রং নিল। এসআইআর প্রক্রিয়া ঘিরে আগামী দিনে এই টানাপড়েন আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর