অকালবৃষ্টিতে ফসলের ক্ষতি, ৫.৭৩ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ দেবে রাজ্য! কত টাকা পাবেন চাষিরা?

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ফসলের ক্ষতিতে বিপাকে বাংলার কৃষকরা। ৫.৭৩ লক্ষ কৃষকের জন্য ২১২.৩ কোটি টাকার সহায়তা প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার কৃষিজমি। কোথাও জলের তলায় আমন ধান, কোথাও আবার নষ্ট হয়েছে সরিষা, মুসুর, আলু, শাকসবজি, ফুল ও পান বরজ। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ২১২.৩ কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, প্রাথমিকভাবে রাজ্যের ৫ লক্ষ ৭৩ হাজার কৃষক এই সহায়তা পাবেন। আগামী দু’দিনের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সেচের আওতাভুক্ত জমিতে ফসলের ক্ষতি হলে হেক্টর প্রতি ১৭ হাজার টাকা করে দেওয়া হবে। এই ক্ষেত্রে ন্যূনতম ক্ষতিপূরণ ২ হাজার টাকা। অন্যদিকে, বৃষ্টিনির্ভর জমিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা হেক্টর প্রতি ৮ হাজার ৫০০ টাকা পাবেন। সেখানেও ন্যূনতম সহায়তার পরিমাণ ১ হাজার টাকা।

বহুবর্ষজীবী ফসলের ক্ষেত্রে হেক্টর প্রতি ২২ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ জমির ধরন ও ফসলের প্রকৃতি অনুযায়ী ক্ষতিপূরণের অঙ্ক আলাদা হবে।

সরকারি প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ১ লক্ষ ৬০ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। হুগলি, হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতির খবর মিলেছে। আমন ধানের পাশাপাশি সরিষা, মুসুর, আলু, শাকসবজি, ফুল, কলা, পেঁপে এবং পান চাষেও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অকালবৃষ্টির জেরে বহু জমিতে জল জমে রয়েছে। বিশেষ করে পেকে যাওয়া আমন ধান দ্রুত কাটতে না পারলে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বিডিওদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জমি থেকে জল বের করার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকেই শুরু হবে বিশেষ অভিযান। জল বের করার কাজে পাম্পসেট ব্যবহার করা হবে। পাম্পসেট ও শ্রমিকের খরচ কৃষকদের দিতে হবে না বলে জানিয়েছেন তিনি।

ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে চাষ শুরু করতে সাহায্য করার জন্য বীজ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রাথমিকভাবে ২৯ হাজার কৃষককে ধান, তিল, চিনাবাদাম এবং মুগের বীজ দেওয়া হবে। আরও ১৯ হাজার কৃষক পাবেন সবজির বীজের কিট। এই খাতে মোট ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পান চাষিদের জন্যও আলাদা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার গ্রামীণ এলাকার প্রায় ৯ হাজার ২৪০ জন পানচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের জন্য মোট ২ কোটি ৩১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পান বরজের নির্দিষ্ট ইউনিট অনুযায়ী সহায়তা দেওয়া হবে।

১১ নভেম্বর শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মালদার তিনটি ব্লকে ব্যাপক ক্ষতির ঘটনা ঘটেছিল। গাজোল, হবিবপুর ও বামনগোলা ব্লকের প্রায় ১৯ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের জন্য ৮ কোটি ১২ লক্ষ টাকার আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ফুল চাষের ক্ষেত্রেও ক্ষতির পরিমাণ উল্লেখ করেছেন তিনি। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ১ হাজার ৬০ হেক্টর ফুলচাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিপূরণের টাকা কীভাবে কৃষকদের হাতে পৌঁছবে, তা-ও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, জেলার প্রশাসনের মাধ্যমে আগামী দু’দিনের মধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। কৃষকদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে।

ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব খতিয়ে দেখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় ক্ষতির মূল্যায়ন এবং বিমার দাবি সংক্রান্ত বিষয়ে বিশেষ শিবির আয়োজনের কথাও জানিয়েছে রাজ্য সরকার।

এ দিনের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বরাদ্দ নিয়েও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, আগের রাজ্য সরকার কেন্দ্রের দেওয়া অর্থের ব্যবহার সংক্রান্ত শংসাপত্র বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে পারেনি। সেই কারণে কেন্দ্রের কাছ থেকে আরও অর্থ পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

মালদার ভূতনিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে ভূতনীর মানুষ ক্ষতির মুখে পড়লেও আগের সরকার প্রয়োজনীয় কাজ করেনি। সেখানে তিনি নিজে গিয়ে আর্থিক সহায়তা দিয়েছেন বলেও জানান। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা তহবিলের বরাদ্দের প্রসঙ্গও তোলেন।

সব মিলিয়ে অকালবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণ, বিনামূল্যে বীজ বিতরণ এবং জমির জল বের করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তবে কৃষকদের কাছে ঘোষিত সহায়তা কত দ্রুত পৌঁছয়, এখন সেদিকেই নজর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর