অটো- টোটো ‘সিন্ডিকেটে-তোলা বন্ধ করুন’, প্রথম প্রশাসনিক বৈঠকেই কড়া বার্তা শুভেন্দুর

প্রথম বৈঠকেই সিন্ডিকেট, তোলা, গরুপাচার ও অবৈধ বালিখাদানের বিরুদ্ধে কড়া অবস্থান নিল শুভেন্দু সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ক্ষমতায় এসেই দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিল নতুন বিজেপি সরকার। সোমবার বিধায়ক ও জেলাশাসকদের সঙ্গে প্রথম প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিলেন— সিন্ডিকেট রাজ, অটো-টোটো স্ট্যান্ডে তোলা, অবৈধ বালিখাদান ও গরুপাচার কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনের প্রতিটি স্তরে নজরদারি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

নবান্নে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “সব এলাকায় সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। অটো, টোটো স্ট্যান্ডে কুপন ছাপিয়ে টাকা তোলা বন্ধ করুন।” তাঁর এই মন্তব্যকে নতুন সরকারের ‘জিরো টলারেন্স’ বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

শুধু তোলা বা সিন্ডিকেট নয়, অবৈধ বালিখাদান ও কয়লাখাদান নিয়েও কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বীরভূম জেলার জেলাশাসককে আলাদা করে সতর্ক করে তিনি বলেন, “আপনার জেলায় বিশেষভাবে নজর দিন।”

১০০ দিনের কাজ নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বহু ক্ষেত্রে কাজ না করেও জব কার্ডের মাধ্যমে টাকা তোলার অভিযোগ রয়েছে। তিনি নির্দেশ দেন, কারা প্রকৃত উপভোক্তা এবং কারা বেআইনিভাবে সুবিধা নিচ্ছেন, তা খতিয়ে দেখতে হবে।

সীমান্তবর্তী জেলাগুলিতে গরুপাচার বন্ধ করার দিকেও জোর দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আজ থেকেই অবৈধ গরুপাচার বন্ধ করতে হবে। নজর রাখুন কোথাও বেআইনি পাচার হচ্ছে কি না।”

সূত্রের খবর, বৈঠকে জেলাশাসকদের নিয়মিতভাবে বিধায়কদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত ও স্থানীয় সমস্যা সমাধানে এই সমন্বয় গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ধাপে ধাপে কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পকে যুক্ত করা হবে। পাশাপাশি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পও পর্যায়ক্রমে কার্যকর করা হবে বলে জানান তিনি।

সরকারি জমি দখল নিয়েও রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী। জেলার কোথায় কোথায় সরকারি জমি বেআইনিভাবে দখল হয়ে রয়েছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে জেলাশাসকদের।

প্রথম প্রশাসনিক বৈঠক থেকেই আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন এবং সরকারি প্রকল্পে স্বচ্ছতার উপর জোর দিয়ে স্পষ্ট বার্তা দিল শুভেন্দু সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত