নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে বড় পদক্ষেপ নিল নতুন বিজেপি সরকার। আগামী ১ জুন থেকেই রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর টাকা। নতুন এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে মহিলাদের। ক্ষমতায় আসার আগেই লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতিই বাস্তবায়নের পথে।
সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১ জুন থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানা গিয়েছে।


তৃণমূল সরকারের আমলে চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে সাধারণ মহিলারা মাসে ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১৭০০ টাকা করে পেতেন। বিজেপি নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে সেই অনুদানের পরিমাণ দ্বিগুণ করা হবে।
নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে মহিলাদের। রাজনৈতিক মহলের মতে, মহিলাদের ভোটব্যাঙ্ককে আরও শক্তিশালী করতেই এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নতুন সরকার।
যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে প্রকল্পের পূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়নি। কারা এই প্রকল্পের আওতায় আসবেন, আবেদন প্রক্রিয়া কী হবে বা নতুন করে নথি জমা দিতে হবে কি না— সেই বিষয়ে বিস্তারিত ঘোষণা এখনও বাকি।


তবে প্রশাসনিক সূত্রের দাবি, পূর্বের প্রকল্পের উপভোক্তাদের তথ্যের ভিত্তিতেই প্রাথমিক পর্যায়ে টাকা পাঠানোর পরিকল্পনা রয়েছে। ফলে বহু মহিলা নতুন করে আবেদন ছাড়াই সুবিধা পেতে পারেন।
রাজ্যে সরকার পরিবর্তনের পর এটিকে নতুন সরকারের অন্যতম বড় সামাজিক প্রকল্প হিসেবেই দেখা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দ্রুত জনসংযোগ মজবুত করার চেষ্টা করছে বিজেপি সরকার।







