রাজ্যে বেআইনি লোটো খেলা ও জুয়ার আড্ডার বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল প্রশাসন। উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, রাজ্যের কোথাও লোটো খেলা বা জুয়ার আসর চলতে দেওয়া যাবে না। একইসঙ্গে সরকারি প্রকল্প, শিল্পোন্নয়ন ও জনসংযোগ কর্মসূচিতেও জোর দেওয়া হয়েছে।
মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর থেকেই জেলায় একাধিক বিষয়ে সক্রিয়তা বেড়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। বিশেষ করে জেলা পরিষদে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে পদক্ষেপ শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।


সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে লোটো খেলা ও জুয়ার আসর বন্ধ করা নিয়ে। প্রশাসনকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং কোথাও যাতে তা চলতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
এদিনের বৈঠকে জেলার শিল্প পরিস্থিতিও গুরুত্ব পায়। নতুন শিল্প ও বিনিয়োগ কীভাবে আনা যায়, তা নিয়ে প্রশাসনকে পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বারাকপুর শিল্পাঞ্চলের চটকল শিল্পে কাঁচাপাটের সঙ্কট মেটাতে বাংলাদেশ ল্যান্ড পোর্ট চালুর বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আগামী ১৫, ১৬ ও ১৭ জুন বিশেষ জনকল্যাণ শিবির আয়োজনের প্রস্তুতিও শুরু হয়েছে। জেলার বিভিন্ন ব্লক, পুরসভা ও কর্পোরেশন এলাকায় এই শিবির করা হবে।


জেলা প্রশাসন সূত্রে খবর, বিডিও, পুরসভার সিইও ও কর্পোরেশন কমিশনারদের নেতৃত্বে ওই শিবিরে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে তথ্য দেওয়া হবে। স্থানীয় বিধায়ক ও সাংসদদেরও এই কর্মসূচিতে যুক্ত রাখা হচ্ছে।
পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতাতেও বিশেষ জোর দেওয়া হয়েছে প্রশাসনিক বৈঠকে। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে জেলার বিভিন্ন এলাকায় ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচি নেওয়া হবে। অরণ্য ও পরিবেশ দপ্তরের মাধ্যমে ফলের গাছ বিতরণ ও রোপণের পরিকল্পনাও করা হয়েছে।
এছাড়া ২১ জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে বড়সড় কর্মসূচির প্রস্তুতি চলছে। আয়ুষ, স্বাস্থ্য ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পুলিশ, স্কুল, এনসিসি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রশাসনিক কড়াকড়ি ও জনমুখী কর্মসূচি— দুই দিকেই সমান গুরুত্ব দিয়ে এগোতে চাইছে নতুন সরকার। আর সেই বার্তাই মঙ্গলবারের বৈঠক থেকে স্পষ্ট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



