জ্যৈষ্ঠের অসহ্য গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। তবে দীর্ঘ দহনজ্বালার পর অবশেষে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকেই একাধিক জেলায় কালবৈশাখী-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যার জেরে আগামী কয়েক দিনে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তর-দক্ষিণ অক্ষরেখা, যা ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়েও গিয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।


আজ বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে। বিশেষ করে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে আজও অস্বস্তিকর গরম বজায় থাকবে। দিনের বেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি অনুভূত হতে পারে বলে সতর্ক করেছেন আবহবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে। শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও শনিবার ফের বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


সমুদ্র উপকূলবর্তী এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে বৃহস্পতি ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং থেকে মালদহ— প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে সপ্তাহান্তে উত্তরবঙ্গেও আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। শনিবার ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
দীর্ঘ কয়েকদিনের দহনজ্বালার পর কালবৈশাখীর এই পূর্বাভাসে আপাতত কিছুটা স্বস্তির আশায় দিন গুনছে বঙ্গবাসী। বিশেষজ্ঞদের মতে, ঝড়বৃষ্টির জেরে গরমের তীব্রতা সাময়িকভাবে কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



