তিন মাসে একবার বেড়াতে যেতেই হবে! সরকারি কর্মীদের নয়া নির্দেশ বিহার সরকারের

প্রতি তিন মাসে একবার অন্য জেলায় ঘুরতে যাওয়ার নির্দেশ বিহার সরকারের। সরকারি কর্মীদের সফরের রিপোর্ট ও ছবিও জমা দিতে হবে প্রশাসনকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সরকারি কর্মীদের জন্য নজিরবিহীন নির্দেশ জারি করল বিহার সরকার। প্রতি তিন মাস অন্তর অন্তত দু’দিনের জন্য সপরিবারে ঘুরতে যেতে হবে সরকারি আধিকারিক ও কর্মচারীদের। শুধু তাই নয়, সেই সফরের বিস্তারিত রিপোর্টও জমা দিতে হবে প্রশাসনের কাছে। গ্রামীণ পর্যটন ও স্থানীয় অর্থনীতি চাঙ্গা করতেই এই পদক্ষেপ বলে দাবি সরকারের।

সম্প্রতি বিহারের সাধারণ প্রশাসন দপ্তর এই নির্দেশিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি কর্মী ও আধিকারিকদের প্রতি তিন মাসে অন্তত একবার রাজ্যের অন্য জেলায় ছোট সফরে যেতে হবে।

শুক্রবার ও শনিবার— এই দুই দিনকে বেছে নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়। তবে নিজের জেলা বা কর্মস্থলের পর্যটনকেন্দ্রে নয়, যেতে হবে অন্য জেলার কোনও পর্যটন এলাকায়।

সরকার স্পষ্ট জানিয়েছে, এই ভ্রমণের খরচ কর্মীদের নিজেদেরই বহন করতে হবে। যদিও তাঁদের থাকার ব্যবস্থার দায়িত্ব নেবে প্রশাসন। জেলা প্রশাসন, পর্যটন দপ্তর ও বন দপ্তর যৌথভাবে সরকারি অতিথিশালা বা বেসরকারি হোটেলে বুকিংয়ের ব্যবস্থা করবে।

এই সফরে কোনও সরকারি বৈঠক, পর্যালোচনা সভা বা পরিদর্শন চালানো যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সফরটি শুধুই পর্যটন ও অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে হবে।

তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই সফরকে ছুটি হিসেবে গণ্য করা হবে না। বরং তা ‘অন-ডিউটি’ হিসেবেই ধরা হবে। কারণ, সরকার চাইছে সরকারি কর্মীরা ঘুরে এসে সেই এলাকার পর্যটন, পরিবেশ ও পরিকাঠামো সম্পর্কে মতামত জানাক।

সফর শেষে আধিকারিকদের বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। কোথায় ঘুরলেন, কী দেখলেন, স্থানীয় পরিস্থিতি কেমন— সবই লিখতে হবে সেই রিপোর্টে। এমনকি সফরের ছবিও সংযুক্ত করতে বলা হয়েছে।

এই রিপোর্ট জমা পড়বে জেলাশাসক বা বিভাগীয় কমিশনারদের কাছে। পাশাপাশি প্রতিটি দপ্তরে এক জন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে, যিনি রিপোর্ট সংগ্রহ করে পর্যটন, পরিবেশ, বন ও শিল্প-সংস্কৃতি দপ্তরে পাঠাবেন।

বিহার সরকারের বক্তব্য, রাজ্যে বহু ঐতিহাসিক ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র এখনও পর্যাপ্ত প্রচার পায়নি। সরকারি কর্মীরা সেখানে গেলে স্থানীয় পর্যটন ব্যবস্থার উন্নয়ন কোথায় প্রয়োজন, তা সহজে চিহ্নিত করা সম্ভব হবে।

একইসঙ্গে গ্রামীণ হোম-স্টে সংস্কৃতিও আরও জনপ্রিয় হবে বলে আশা সরকারের। স্থানীয় মানুষের বাড়িতে সরকারি কর্মীরা থাকলে তাঁদের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হবে বলে মনে করছে প্রশাসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর