এসআইআর মামলায় নির্বাচন কমিশনের বড় স্বস্তি, ‘প্রক্রিয়া সংবিধানসম্মত’— সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বৈধ বলেই জানাল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের ক্ষমতা ও প্রক্রিয়ায় সিলমোহর আদালতের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ে বড় স্বস্তি পেল নির্বাচন কমিশন। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ এবং সংবিধানসম্মত। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ— শুধুমাত্র সাধারণ ভোটার তালিকা সংশোধনের প্রচলিত পদ্ধতি থেকে আলাদা হলেই কোনও প্রক্রিয়াকে বেআইনি বলা যায় না।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চ এই রায় দেয়। আদালত জানিয়েছে, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর পরিচালনার ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা প্রয়োগে সংবিধানবিরোধী কোনও বিষয় দেখা যায়নি।

এই রায়কে নির্বাচন কমিশনের পক্ষে বড় আইনি জয় হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। কারণ, এসআইআর নিয়ে বিরোধী দলগুলির একাধিক আপত্তি ও প্রশ্ন আদালতে ওঠে। বিশেষ করে পশ্চিমবঙ্গে ভোটের আগে এই প্রক্রিয়া শুরু হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল।

তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী পক্ষের অভিযোগ ছিল, এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকায় হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে পারে এবং তা অবিলম্বে স্থগিত করা উচিত। সেই যুক্তি তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল।

তবে আদালত স্পষ্ট জানিয়েছে, নির্বাচন কমিশন এসআইআরের মাধ্যমে বিদ্যমান আইন বা ভোটার তালিকা সংশোধনের নিয়ম বাতিল করছে না। বরং আইন কমিশনকে প্রয়োজন অনুযায়ী তালিকা পুনর্বিবেচনার ক্ষমতা দিয়েছে এবং কীভাবে তা করা হবে, সে বিষয়ে স্বাধীনতাও দিয়েছে।

রায়ে আরও বলা হয়েছে, ভোটার তালিকায় নাম থাকা নাগরিকত্বের প্রাথমিক স্বীকৃতি হলেও আইন মেনে সেই তথ্য যাচাই করাকে বেআইনি বলা যায় না। আদালত মনে করিয়ে দিয়েছে, পুরো প্রক্রিয়ায় ন্যায্যতা, স্বচ্ছতা এবং নির্দিষ্ট নিয়ম অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে আদালত জানিয়েছে, এসআইআর চলাকালীন নির্দিষ্ট নথি চাওয়া আইনবিরোধী নয়। নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী নথি নির্ধারণ করার ক্ষমতাও রয়েছে।

এই রায়ের ফলে দেশজুড়ে এসআইআর প্রক্রিয়া আগের মতোই চলবে বলে আদালত জানিয়েছে। ফলে ভোটার তালিকা সংশোধন নিয়ে কমিশনের ভবিষ্যৎ পদক্ষেপের পথ আরও পরিষ্কার হল বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন