‘অবহেলা করলেই বিপদ’, রেকর্ড গরমে দেশবাসীকে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের আবহে নাগরিকদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী। জল, ORS এবং শিশু-বয়স্কদের প্রতি বিশেষ নজর দেওয়ার বার্তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশবাসীর উদ্দেশে বিশেষ সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর ভারত থেকে মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা ৪৩ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এই পরিস্থিতিতে বুধবার সমাজমাধ্যমে তিনি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। তাই অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং শরীরের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সব সময় সঙ্গে পর্যাপ্ত জল রাখার পাশাপাশি নিয়মিত ORS বা শরীরে জল ও লবণের ভারসাম্য বজায় রাখতে সহায়ক পানীয় গ্রহণের কথা বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে যাঁদের প্রয়োজন, তাঁদের জল দেওয়ার মতো সামাজিক দায়িত্ব পালনের কথাও তুলে ধরেছেন।

তিনি আরও জানিয়েছেন, দোকান, পাড়া বা বাড়ির বাইরে মাটির কলসিতে জল রেখে পথচলতি মানুষদের সাহায্য করার মতো উদ্যোগকে উৎসাহ দেওয়া উচিত। এই ধরনের ছোট উদ্যোগও তাপপ্রবাহের সময়ে বড় সহায়তা হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর বার্তায় স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতাও গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, অতিরিক্ত ক্লান্তি, মাথা ঘোরা, দুর্বল লাগা বা বমিভাবের মতো উপসর্গকে হালকা ভাবে নেওয়া উচিত নয়। কেউ অসুস্থ বোধ করলে দ্রুত তাকে ছায়াযুক্ত জায়গায় নিয়ে গিয়ে জল বা ORS দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিশেষভাবে শিশু, প্রবীণ এবং খোলা আকাশের নীচে কাজ করা শ্রমিকদের দিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি বাড়ির ছাদ, বারান্দা বা খোলা জায়গায় পশু-পাখিদের জন্য জল রাখার আবেদনও করেন প্রধানমন্ত্রী।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও মধ্যপ্রদেশে আগামী কয়েকদিন তীব্র দাবদাহ বজায় থাকতে পারে। কয়েকটি এলাকায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪৭ ডিগ্রির উপরে পৌঁছেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, স্বাভাবিকের তুলনায় কয়েক ডিগ্রি বেশি তাপমাত্রা এবং দীর্ঘস্থায়ী গরমের কারণেই পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। সেই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সতর্ক থাকাই এখন সবচেয়ে জরুরি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন