ভারতে বিশ্বকাপ সম্প্রচার ঘিরে দীর্ঘ অনিশ্চয়তার মাঝেই সামনে এল বড় খবর। জিও হটস্টার বা সোনি স্পোর্টস পিছিয়ে থাকায় এবার ফিফার সম্প্রচার স্বত্ব পেতে দৌড়ে নামল জি এন্টারটেইনমেন্ট। নতুন ক্রীড়া সংস্থা ‘ইউনাইট৮ স্পোর্টস’-এর অধীনে চারটি নতুন স্পোর্টস চ্যানেল চালুর পরিকল্পনাও ঘোষণা করেছে সংস্থা।
আগামী ১১ জুন থেকে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে বিশ্বকাপ। তবে ম্যাচগুলির বেশিরভাগই গভীর রাতে হওয়ায় ভারতে সম্প্রচার নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতেই জি এন্টারটেইনমেন্টের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ক্রীড়ামহল।


মঙ্গলবার ‘ইউনাইট৮ স্পোর্টস’ উদ্বোধনের অনুষ্ঠানে জি জানায়, বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে ইতিমধ্যেই ফিফার সঙ্গে আলোচনা শুরু হয়েছে। সংস্থার অধীনে মোট চারটি নতুন স্পোর্টস চ্যানেল আনার পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে দু’টি চ্যানেল হিন্দিতে এবং বাকি দু’টি ইংরেজিতে সম্প্রচার করবে। শুধু ফুটবল নয়, ক্রিকেট, কুস্তি, কবাডি, ব্যাডমিন্টন, বক্সিং-সহ একাধিক খেলার সম্প্রচার করার কথাও জানিয়েছে সংস্থা।
জি সূত্রে খবর, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমতির আবেদনও ইতিমধ্যেই করা হয়েছে। সংস্থার দাবি, ভারতে ক্রীড়া সম্প্রচারের বাজার দ্রুত বাড়ছে এবং দর্শকদের চাহিদাও আগের তুলনায় অনেক বেশি।


সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর খুব শীঘ্রই আসতে চলেছে। আগামী সপ্তাহের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন তিনি।
ভারতে ফুটবলের জনপ্রিয়তা বরাবরই উল্লেখযোগ্য। জাতীয় দল আন্তর্জাতিক মঞ্চে পিছিয়ে থাকলেও ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা স্পেনের ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো।
২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব বিক্রির জন্য প্রথমে প্রায় ১০০ মিলিয়ন ডলার দাম ধার্য করেছিল ফিফা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু সেই দামে কোনও সংস্থা আগ্রহ দেখায়নি।
পরিস্থিতি বদলাতে পরে স্বত্বমূল্য কমিয়ে ৩৫ মিলিয়ন ডলার করা হয়। তাতেও বড় কোনও সম্প্রচারকারী এগিয়ে না আসায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এখন দেখার, শেষ পর্যন্ত জি এন্টারটেইনমেন্ট ফিফার সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পারে কি না।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



