বর্ষায় জলযন্ত্রণা রুখতে ৪৭০০ কোটির মাস্টারপ্ল্যান! হাওড়ার নিকাশি সংস্কারে বড় উদ্যোগ

হাওড়ার জলজট সমস্যার স্থায়ী সমাধানে ৪৭০০ কোটির নিকাশি সংস্কার প্রকল্পের ডিপিআর তৈরি। বৈঠকে বিজেপির তিন বিধায়ক ও পুর আধিকারিকরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বর্ষা নামলেই জলমগ্ন হয়ে পড়ে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। সেই দীর্ঘদিনের নিকাশি সমস্যার স্থায়ী সমাধানে এবার বড়সড় উদ্যোগ নিল হাওড়া পুরসভা। প্রায় ৪৭০০ কোটি টাকার একটি বৃহৎ নিকাশি সংস্কার প্রকল্পের বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার বিকেলে হাওড়া পুরসভায় এই প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিজেপির তিন বিধায়ক— উত্তর হাওড়ার উমেশ রাই, শিবপুরের রুদ্রনীল ঘোষ এবং বালির সঞ্জয় সিং। বৈঠকে উপস্থিত ছিলেন পুর কমিশনার-সহ একাধিক পুর আধিকারিক।

সূত্রের খবর, হাওড়া শহরের নিকাশি ব্যবস্থাকে আধুনিক করতে একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হতে পারে একটি বেসরকারি সংস্থা এবং কেএমডিএ-কে।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৭০০ কোটি টাকা। তার মধ্যে ৭০ শতাংশ অর্থ দেবে কেন্দ্রীয় সরকার এবং বাকি ৩০ শতাংশ বহন করবে রাজ্য সরকার।

উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই জানান, শহরের কোন কোন এলাকায় নিকাশির সমস্যা সবচেয়ে বেশি, কীভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে তার সমাধান করা যায়, তা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে এবং সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই যাতে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়, সেই চেষ্টাই করা হবে।

শুধু নিকাশি নয়, এদিন হাওড়া জেলা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন নিয়েও আলাদা বৈঠক করেন বিজেপি বিধায়করা। হাসপাতালকে ভবিষ্যতে মাল্টিস্পেশালিটি হাসপাতালে পরিণত করার পরিকল্পনাও আলোচনায় উঠে আসে।

চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি, পার্কিং সমস্যা এবং স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন নিয়েও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

দীর্ঘদিনের জলজট ও পরিকাঠামোগত সমস্যায় ভোগা হাওড়ার জন্য এই মাস্টার প্ল্যান কার্যকর হলে শহরের চেহারা অনেকটাই বদলে যেতে পারে বলেই আশা প্রশাসনিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর