ইডেনের ‘ডু অর ডাই’ ম্যাচের আগে সূর্যের বার্তা, কী বললেন ভারত অধিনায়ক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে মরণ-বাঁচন ম্যাচের আগে উন্নতির বার্তা সূর্যকুমার যাদবের। বোলিং ও ব্যাটিংয়ে আরও নিখুঁত হওয়ার লক্ষ্য টিম ইন্ডিয়ার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হোলির আগে ক্রিকেটপ্রেমীদের উৎসবের রং ঠিক করে দিতে পারে ইডেন গার্ডেন্সের ২২ গজ। ১ মার্চ রবিবার টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচ কার্যত মরণ-বাঁচন লড়াই। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালের রাস্তা খুলবে। মহারণের আগে দলের প্রস্তুতি ও মানসিকতা নিয়ে মুখ খুললেন ভারতীয় টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব, জানালেন কোথায় উন্নতির প্রয়োজন এবং কীভাবে নামতে চলেছে টিম ইন্ডিয়া।

ম্যাচের আগে সূর্যকুমার বলেন, “আমরা বল হাতে আরও ভালো করতে পারতাম। জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার সময় আমাদের স্ক্রু আরও টাইট করতে হবে।” জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পরেও দলের খুঁত খোলাখুলিভাবে স্বীকার করেন তিনি।

প্রতিপক্ষকেও কৃতিত্ব দিতে ভোলেননি ভারত অধিনায়ক। তাঁর কথায়, “জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা খুব বুদ্ধিমত্তার সঙ্গে খেলেছে। আমরা ব্যাটিংয়ের ক্ষেত্রে বিকল্পগুলো আরও ভালোভাবে ব্যবহার করতে পারতাম।” দলের আত্মবিশ্বাস অটুট থাকলেও ভুল থেকে শিক্ষা নেওয়ার বার্তাই দিয়েছেন সূর্য।

দলের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, অতীত পারফরম্যান্স নিয়ে বেশি না ভেবে ইতিবাচক দিকগুলিকে সামনে রাখা হয়েছে। “আমরা আগের ম্যাচগুলো পেছনে ফেলে এগোতে চেয়েছি। ভিডিও বিশ্লেষক গত বছরের সফল পারফরম্যান্স তুলে ধরে একটি স্লাইড তৈরি করেছিলেন, যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে,” বলেন তিনি।

জিম্বাবোয়ের বিরুদ্ধে আগের ম্যাচে ২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিপক্ষকে ১৮৪ রানে আটকে দেয় ভারত। ব্যাট হাতে অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়াদের ঝড় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। যদিও বোলিংয়ে কিছু দুর্বলতা ধরা পড়েছিল— বিশেষ করে শিবম দুবের দুই ওভারে ৪৬ রান খরচ দলকে চাপে ফেলেছিল। তবু শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের দিকে টেনে নেয় ভারত।

এবার লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ বাধা টপকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা। ফলে রবিবারের ইডেন ম্যাচ শুধু একটি খেলা নয়— ভারতের বিশ্বকাপ অভিযান টিকে থাকবে কি না, তারই চূড়ান্ত পরীক্ষা। ক্রিকেটের নন্দনকাননে তাই এখন থেকেই বাড়ছে উত্তাপ, আর নজর গোটা দেশের ইডেন গার্ডেন্সে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন