নজরবন্দি ব্যুরোঃ নন্দীগ্রামের ভোটগণনায় কারচুপির অভিযোগ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলা কলকাতা হাই কোর্ট থেকে সরিয়ে দেশের অন্য রাজ্যের হাই কোর্টে নিয়ে যাওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সেই মামলায় শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। ফলত, নন্দীগ্রাম মামলায় সুপ্রিম ধাক্কা শুভেন্দুর।
আরও পড়ুনঃ বিজেপির হয়ে কাজ করছেন বিচারপতি রাজশেখর মান্থা, ক্ষুব্ধ আইনজীবীদের একাংশ


সুপ্রিম কোর্টের তরফে এদিন নন্দীগ্রামের বিধায়কের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। অর্থাৎ নন্দীগ্রামের ভোটগণনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের দ্রুত শুনানির ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না।
গত বছরের বিধানসভা নির্বাচনে এপিসেন্টার ছিল নন্দীগ্রাম। সেই নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে পরাজিত করেন তাঁরই এক সময়ের সতীর্থ শুভেন্দু অধিকারী। পরে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপরে মামলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য গত জুলাই মাসে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হলে রাজ্য সরকার নানাভাবে প্রভাব খাটাতে পারে। তাই মামলাটি অন্য রাজ্যের হাইকোর্টে পাঠানোর ব্যবস্থা করুক শীর্ষ আদালত।এদিন সুপ্রিম কোর্টের বিচার ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়, এভাবে হাইকোর্ট থেকে মামলা অন্যত্র সরালে হাইকোর্টের মর্যাদাহানি হবে। এতে মানুষের আস্থা কমবে বলে জানিয়ে দেন বিচারপতিরা।


নন্দীগ্রাম মামলায় সুপ্রিম ধাক্কা শুভেন্দুর, এবার কী ফের গণনা?

প্রথমে সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। পরে নিরপেক্ষতার প্রশ্ন তুলে মামলা অন্য এজলাসে সরিয়ে নিয়ে যাওয়ার দাবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে মামলা গড়ায়।







